অবরোধে ক্রেতাশূন্য হাট, কমেছে ধানের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালে বগুড়ার আদমদীঘির ধানের হাটগুলোতে ক্রেতা নেই। বিক্রি করতে না পেরে ধান ফেরত নিয়ে যাচ্ছেন কৃষকেরা। জরুরি প্রয়োজনে অনেকে বিক্রি করছেন কম দরে। প্রতি মণ আমন ধান ৫০ থেকে ৭০ টাকা কমে কেনাবেচা হচ্ছে হাটগুলোতে।
গত তিন দিনে উপজেলার সান্তাহারের রাধাকান্ত হাট, আদমদীঘি হাট ও ছাতিয়ান গ্রামের হাট ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর ধানের সরবরাহ। কিন্তু ক্রেতা নেই। সান্তাহার হাটের ইজারাদার রাশেদুল ইসলাম বলেন, অবরোধের কারণে পাইকার ও সাধারণ ক্রেতারা হাটে আসতে পারছেন না। এর ফলে কৃষকদের পাশাপাশি হাটের ইজারাদারদেরও লোকসান গুনতে হচ্ছে।
অবরোধ শুরুর আগে প্রতি মণ স্বর্ণা-৫ জাতের দর ছিল প্রায় ৭৫০ টাকা। এখন তা ৬৮০ টাকায় নেমে গেছে বলে জানালেন সান্তাহার হাটে ধান বিক্রি করতে আসা কৃষক আবু বক্কর সিদ্দিক।
অপর কৃষক আমজাদ হোসেন ও হেলাল উদ্দীন বলেন, বোরোর বীজ বপনের মৌসুম শুরু হয়ে গেছে। এখন এই ধান চাষাবাদে কৃষকদের টাকার প্রয়োজন। কিন্তু অবরোধের কারণে ধান বিক্রি করা যাচ্ছে না। ফলে বিপদে আছেন কৃষকেরা। তাঁরা জানান, হাটে ধান নিয়ে গেলেও চাতাল মালিকেরা কিনছেন না। দু-একজন কিনলেও অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। আর বিক্রি করতে না পেরে ধান বাড়িতে নিয়ে গেছেন বশিপুর গ্রামের কৃষক বেলাল হোসেন।
শুধু ধান নয়, চালের দামও কমে গেছে। সান্তাহার চাল আড়তদার সমিতির সভাপতি আতিকুর রহমান জানান, স্বর্ণা-৫, রণজিৎ, মিনিকেট ও পাইজাম চাল মণপ্রতি ৩০ থেকে ৫০ টাকা কমেছে। অবরোধের কারণে চাল সরবরাহে প্রথম দিকে সমস্যা হলেও বর্তমানে মিল মালিকেরা ঝুঁকি নিয়ে ঢাকাসহ সারা দেশে চাল পাঠানো শুরু করেছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে মিল মালিক মোস্তাফিজুর রহমান বলেন, পরিবহন মালিকেরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন। তাই ভাড়াও গুনতে হচ্ছে অনেক বেশি।