অবরোধে ক্লাস পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালীন ছুটি শেষে ১৬ দিন পেরিয়ে গেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা শুরু হয়নি। টানা অবরোধ-হরতালে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর দীর্ঘ সেশনজটের কবলে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন অবকাশ শেষে ১২ জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার আশঙ্কায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসাই অনিশ্চিত হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের ৫০টি বিভাগের মধ্যে কয়েকটি ছাড়া প্রায় সব বিভাগের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টানা অবরোধে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষা একের পর এক স্থগিত করছে সংশ্লিষ্ট বিভাগগুলো। কোনো বিভাগেই ক্লাস অনুষ্ঠিত না হওয়ায় নির্ধারিত সময়ে কোর্স শেষ করা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহফুজ মুন্না বলেন, ‘রুটিন অনুযায়ী জানুয়ারি মাসের ১৪ থেকে ৩১ তারিখ পর্যন্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। এ জন্য অবরোধের মধ্যেও ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
এদিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ক্লাস ২২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর জন্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা নেওয়া হবে কি না, তা ওই বিভাগের একান্ত নিজস্ব ব্যাপার।’
শিক্ষক ও ছাত্রলীগের পৃথক মানববন্ধন : দেশব্যাপী অবরোধ-হরতালে হত্যা, সন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। এ ছাড়া অবরোধে বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসের প্যারিস রোডের সিনেট ভবনের সামনে শিক্ষকদের এবং উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।