অবরোধে ক্ষতির মুখে সাতক্ষীরার মাছচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে মাছ ধরার মৌসুম। ঘেরে মাছও আছে। কিন্তু ক্রেতা নেই, দাম কমে গেছে অর্ধেক। বিক্রি না হওয়ায় মাছের জন্য প্রতিদিন অতিরিক্ত খাবার জোগাতে হচ্ছে। ফলে লোকসান বাড়ছে। আবার কেউ কেউ ঘেরকে চিংড়ি পোনা ছাড়ার উপযোগী করতে বাধ্য হয়ে অর্ধেক দামেই মাছ বেচে ঘের খালি করছেন। তাঁরা গুনছেন লোকসান।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের প্রায় এক মাসের অবরোধ-হরতালে এমন ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরার মাছচাষিরা। দেশের অন্যতম প্রধান চিংড়ি উৎপাদনকারী এ জেলার অর্থনীতি মূলত মাছ চাষনির্ভর। অবরোধ-হরতালে একদিকে মাছ বিক্রি ও সরবরাহ বন্ধ থাকায় এবং অন্যদিকে মাছ চাষের উপকরণের দাম বাড়ায় চাষিরা পড়েছেন আর্থিক ক্ষতিতে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ জানান, জেলায় ৭০ হাজার হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ হয়। এর অধিকাংশ জমিতে বাগদা চিংড়ির সঙ্গে লোনা পানির মাছ ভেটকি, ভাঙান, টেংরা, বেলে ও পার্শে চাষ হয়। পাশাপাশি ২৫ হাজার হেক্টর জমিতে মিঠা পানির তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, টেবলেট ও গ্রাসকার্পসহ আরও কিছু মাছ চাষ হয়। এ ছাড়া গলদা চিংড়িও চাষ হয়। চিংড়ি ছাড়া চাষ হওয়া সব মাছকেই সাদা মাছ বলা হয়।
আবদুল ওয়াদুদ বলেন, জেলায় প্রতিবছর ৬৫ হাজার মেট্রিক টন সাদা মাছ উৎপাদিত হয়। জেলার চাহিদা ২৫ হাজার মেট্রিক টন। বাকি মাছ যায় দেশের বিভিন্ন স্থানে। মাছ ধরার মৌসুমে (অক্টোবর থেকে ফেব্রুয়ারি) প্রতিদিন গড়ে ৬০ টন মাছ চালান হয়। লোনা পানির মাছ সারা বছরই কমবেশি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। মাছ চাষ থেকে সাতক্ষীরায় প্রতিবছর এক হাজার ৮০০ কোটি টাকা আয় হয়।
ঘের মালিকেরা জানান, গত ২৬ নভেম্বর অবরোধ শুরুর পর থেকে মাছ সরবরাহ বলতে গেলে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার পর্যন্ত ছিল এ অবস্থা। এ সময়ে জেলায় যেটুকু মাছ বেচাকেনা হয়, তা বিক্রি হয় উৎপাদন খরচের চেয়ে কম দামে। চিংড়ির মৌসুম শেষ বলে অধিকাংশ ঘেরেই এখন চিংড়ি নেই। নতুন পোনা ছাড়ার জন্য ঘের খালি করা প্রয়োজন হলেও মাছের ক্রেতা মিলছে না। ক্রেতা পেয়ে কেউ কেউ অর্ধেক দামে মাছ বেচছেন। কারণ, চিংড়ি চাষের নতুন মৌসুম শুরুর আগেই ঘেরের পানি শুকিয়ে সার ও চুন দিয়ে মাটি তৈরি করতে হবে। ঘের প্রস্তুত করে নতুন পানি তুলে পোনা ছাড়ার আগ পর্যন্ত মাস খানেক সময় লাগে।
জেলার দেবহাটার নোড়ারচকের চিংড়িচাষি শশী সরকার বলেন, মাছ বিক্রিতে লোকসান ও উপকরণের মূল্যবৃদ্ধির কারণে তাঁদের এবার বেশি বিনিয়োগ করতে হবে। এ জন্য ব্যাংক ঋণ নিতে হবে। ব্যাংক থেকে ঋণ না পেলে মহাজনের দ্বারস্থ হতে হবে।
সাতক্ষীরা বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব বলেন, মঙ্গলবার বিকেলে পঞ্চম দফার অবরোধ শেষ হলেও গতকাল বাজারে তেমন মাছ আসেনি। যা এসেছে, তা অন্য জেলায় পাঠানোর আগ্রহ ছিল না ব্যবসায়ীদের। অবরোধ-হরতাল আপাতত থামলেও ব্যবসায়ীরা মাছ পাঠানোর সাহস পাচ্ছেন না।
আবদুর রব বলেন, গত কয়েক দিনে সব রকম মাছের দাম কেজিতে ৫০ থেকে ৭০ টাকা কমেছে। বড়
আকারের তেলাপিয়া প্রতি কেজি ৫০ টাকার কমে বিক্রি হয়। অথচ স্বাভাবিক সময়ে বিক্রি হতো ৭৫ থেকে ১০০ টাকায়।
মাছচাষিরা বলেন, এ বছর অনেক বেশি মাছ উৎপাদন হওয়ায় তাঁরা সন্তুষ্ট। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আশানুরূপ দাম পাচ্ছেন না। দেবহাটার মঞ্জুর হাসান বলেন, মাছের দাম পড়ে যাওয়ায় বিনিয়োগ উঠে আসা নিয়ে তিনি শঙ্কিত।
সাতক্ষীরা থেকে মাছ কিনে ঢাকায় চালান দেন আলী হোসেন ও মনিরুল ইসলাম। তাঁরা বলেন, ঢাকায় এক ট্রাক মাছ পাঠাতে আগে লাগত ২৫ হাজার টাকা, অচলাবস্থায় তা দাঁড়িয়েছে ৬০ হাজারে। গতকালও ট্রাক ভাড়া কমেনি।