অবরোধে চলছে না অ্যাম্বুলেন্স, ভোগান্তি
অবরোধের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা থাকায় গাইবান্ধায় অ্যাম্বুলেন্স ভাড়া পাওয়া যাচ্ছে না। তবে কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের চালক রোগী বহনে রাজি হলেও চড়া ভাড়া চাইছেন। অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালে গেলে রোগীরা অবরোধের কারণে তাদের নানা ধরনের দুর্ভোগের কথা জানায়। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর শয্যায় চিকিৎসাধীন ফুলছড়ি উপজেলার ভাঙ্গামোড় গ্রামের খোকা মিয়া (৪৫) বলেন, ‘১০ জানুয়ারি হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ি। দুই ভাই ও ছেলে অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স ভাড়া পায়নি। বাধ্য হয়ে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হয়। অবরোধ চলতে থাকলে ছুটির পর বাড়ি যাব কীভাবে, তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।’
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের দিনমজুর ময়নুল মিয়া জানান, ১৮ জানুয়ারি তিনি তাঁর এক আত্মীয়কে হৃদ্রোগের চিকিৎসার জন্য অটোরিকশা নিয়ে সদর হাসপাতালে আসেন। হাসপাতালের চিকিৎসকেরা তাঁর আত্মীয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য পরামর্শ দেন। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া না পাওয়ায় তিনি তাঁর আত্মীয়কে সেখানে নিয়ে যেতে পারেননি। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। বেশি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য নেই। তাই রোগীকে বাড়িতে এনে রেখেছি। হাসপাতালের চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ খাওয়াচ্ছি।’
সদর হাসপাতালের সেবিকা রেহেনা খাতুন বলেন, অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর চাপ কম। তবে ছুটি দেওয়ার পরও অনেক রোগী বাড়ি ফিরতে পারছে না। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মাহবুবর রহমান জানান, অবরোধের কারণে জরুরি বিভাগে রোগীর সংখ্যা শতকরা ১০ ভাগ কমেছে। তবে অ্যাম্বুলেন্স চলাচল না করায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য সময়মতো মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় পাঠানো যাচ্ছে না।
অ্যাম্বুলেন্সচালক ও সদর হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অবরোধের আগে রংপুর যেতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা নিতেন চালকেরা। এখন চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে।
শহরের পলাশপাড়ার অ্যাম্বুলেন্সচালক হুমায়ন কবীর জানান, অ্যাম্বুলেন্স হরতাল ও অবরোধের আওতামুক্ত হলেও অবরোধকারীরা তা মানছে না। তাই ভয়ে কোনো চালকই ভাড়ায় যেতে চান না।
শহরের হাসপাতাল রোডের অ্যাম্বুলেন্সের মালিক মমিনুল ইসলাম জানান, কয়েক দিন আগে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা সদরে ঢিল ছুড়ে দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এ কারণে চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।