অবরোধে চুয়াডাঙ্গায় গুড়ের হাটে দরপতন
লাগাতার অবরোধে চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের দাম কমে গেছে। খেজুর গুড়ের অন্যতম প্রধান মোকাম সদর উপজেলার সরোজগঞ্জে গত চার দিনে গুড়ের দাম মণপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমে গেছে।
দরপতনে গুড় উৎপাদনকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। পাশাপাশি বিভিন্ন মোকামে গুড় পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা।
গতকাল শুক্রবার হাটে গিয়ে কথা হয় জামালপুর-খেজুরতলা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে। তিনি গুড়ের দাম কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সোমবারের হাটে ১০-১২ কেজি ওজনের এক ভাঁড় গুড় ৬৫০ থেকে ৭০০ ট্যাকায় বিক্রি হলিও আজ শুক্কুরবার তা বিক্রি হচ্চে ৬০০ থেকে ৬৫০ ট্যাকায়। দাম অ্যারাম কম হলি চাষিদের অনেক লুকসান হবে। গাছ কাইটে রস জ্বাল দিয়ে গুড় করার যে কষ্ট—তার দামই ওটপে না।’ হাটে হাকিমপুরের মোয়াজ্জেম হোসেন, বোয়ালিয়ার সহিদুল ইসলামসহ আরও কয়েকজন কৃষক গুড়ের দাম কমে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহে প্রতি সোম ও শুক্রবার সরোজগঞ্জে হাট বসে। সাধারণত সরোজগঞ্জ হাট থেকে গুড় ঢাকা, সিলেট, বরিশাল ও পাবনার মোকামে পাঠানো হয়। অবরোধের কারণে বাইরের মোকাম থেকে ব্যাপারীরা আসতে পারেননি। সাধারণত সরোজগঞ্জ হাট থেকে ট্রাকে গুড় ভর্তি করে ঢাকা, সিলেট, বরিশাল ও পাবনার মোকামে পাঠানো হয়।
অবরোধের কারণে তা পাঠানো যাচ্ছে না। এতে দাম কমে যাওয়ায় গুড় উৎপাদনকারীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
সরোজগঞ্জ মোকামের খেজুর গুড় ব্যবসায়ী মনোরঞ্জন সরকার জানান, বর্তমানে খেজুর গুড়ের ভরা মৌসুম চলছে। মৌসুমে প্রতি হাটের দিন ৩০০ থেকে ৪০০ মেট্রিক টন গুড় ওঠে। এর প্রায় পুরোটাই জেলার বাইরের মোকামগুলোতে যায়। কিন্তু অবরোধের কারণে বাইরের মোকামের ব্যাপারীরা আসতে পারছেন না। বাইরের ব্যাপারী না আসায় দরপতন হচ্ছে। প্রতি মণ গুড়ের দাম ১৫০-২০০ টাকা কমে গেছে।
হাটের ইজারাদার সিরাজুল ইসলাম জানান, গত সোমবারের তুলনায় শুক্রবার হাটে গুড় কম আসে এবং কেনাবেচা দুটোই কমে যায়।