অবরোধে জনজীবন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার সিলেট, হবিগঞ্জ, চাঁদপুর ও কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। অবরোধকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পুলিশ ১১ জনকে গ্রেপ্তার ও ছয়জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সকালে সিলেটের ইমামবাড়ি এলাকায় অবরোধকারীরা রেলপথে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেন। দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে অবরোধকালে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটার পাশাপাশি শটগানের কয়েকটি গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদসহ ২৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এর আগে সকালে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
হবিগঞ্জ: দুপুরে বিএনপির নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় মিছিলকারীদের পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। আত্মরক্ষার জন্য পুলিশ কয়েক দফায় ৪০টি রাবার বুলেট ছোড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশের তিন সদস্য ও বিএনপির ২২ জন নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ একজনকে আটক করে। অবরোধের সময় একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
চাঁদপুর: সকাল থেকে কচুয়া-ঢাকা সড়কের ঘাগড়া বাজার এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। বিকেলে তাঁরা ওই এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয়ের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১০টি গুলি ছোড়ে। এ সময় ওসিসহ পাঁচ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন। পুলিশ একজনকে আটক করেছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ভোর থেকে সরাইলের বিশ্বরোড ও কুট্টাপাড়া মোড়ে অবস্থান নেন বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটের কিছু নেতা-কর্মী। সকালে কাঁচামাল বহনকারী একটি অটোরিকশা ভাঙচুর করেন অবরোধকারীরা। সকাল ১০টার দিকে মহাসড়কের ফাহাদ ফিলিং স্টেশনের কাছে মালবাহী কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয়। দুপুরে কুট্টাপাড়া মোড়ে পুলিশের উপস্থিতিতে যাত্রীবাহী অটোরিকশায় হামলা চালান অবরোধকারীরা। এ ঘটনায় দুই প্রবাসীসহ চারজন আহত হন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): দুপুরে সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করছিলেন ১৮-দলীয় জোটের নেতারা। এ সময় পুলিশের একটি দল আসে। নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।
ভৈরব: ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ভৈরব হাজী আসমত কলেজ এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় অবরোধকারীরা দুটি ট্রাক ও চারটি অটোরিকশা ভাঙচুর করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১১টি শেল ও শটগানের ৩৭টি গুলি ছোড়ে। এ ঘটনায় এক কলেজছাত্র ও একজন পথচারী গুলিবিদ্ধ হন। আহত হন আরও আটজন। পুলিশ চারজনকে আটক করেছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগঞ্জ উপজেলায় অবরোধকারীরা সারা দিন রাস্তা অবরোধ করে রাখেন। দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল বের করা হয়। এ সময় অবরোধকারীদের হামলায় ছাত্রলীগের ছয়জন আহত হন। অবরোধকারীরা বিভিন্ন স্থানে ১৫টি যানবাহন ভাঙচুর করেন।
রায়পুর (লক্ষ্মীপুর): দুপুরে অবরোধকারীরা মিছিল নিয়ে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামসেদ কবির বাকি বিল্লাহর বাড়িতে হামলা চালান। তাঁরা ইট নিক্ষেপ করে ওই বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন।
মির্জাপুর (টাঙ্গাইল): বিএনপির নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তাঁরা তাতে রাজি হননি। একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রাম বাজারে বিএনপির কর্মীরা ঝটিকা মিছিল করেন। এ সময় পুলিশ চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের একজনকে আটক করে। সরিষাবাড়ী (জামালপুর): উপজেলায় দুপুরে অবরোধ চলাকালে বিএনপির সমর্থকেরা একটি মোটরসাইকেল, অটোবাইক, নছিমনসহ তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় অটোবাইকের চালককে মারধর করা হয়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি চৌমুহনীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং তিনলাখপীর ও কসবা-আখাউড়া সড়কে বড় বড় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন অবরোধকারীরা।
শেরপুর: সন্ধ্যায় শহরে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। অগ্নিসংযোগ করা হয় একটি ট্রাকে।
মাদারগঞ্জ (জামালপুর): সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কের খরকা বিল এলাকায় গতকাল রাতে অবরোধকারীরা ফলভর্তি একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।