অবরোধে জনজীবনে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে একটি বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী এসেছিল। গত সোমবার প্রতিযোগিতা শেষ হয়। অবরোধের কারণে বাস না পেয়ে ওরা গতকাল বিকেলে রাজশাহী রেলস্টেশনে আসে। কিন্তু ট্রেন না পেয়ে স্টেশনের প্রধান ফটকেই বসে সময় কাটাতে হচ্ছে ওদের l ছবি: প্রথম আলো
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে একটি বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী এসেছিল। গত সোমবার প্রতিযোগিতা শেষ হয়। অবরোধের কারণে বাস না পেয়ে ওরা গতকাল বিকেলে রাজশাহী রেলস্টেশনে আসে। কিন্তু ট্রেন না পেয়ে স্টেশনের প্রধান ফটকেই বসে সময় কাটাতে হচ্ছে ওদের l ছবি: প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে গতকাল মঙ্গলবার গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এসব এলাকার হাজার হাজার যাত্রী যানবাহন না চলায় চরম ভোগান্তির শিকার হন। এ ছাড়া অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: গাইবান্ধা থেকে গতকাল ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন পথে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। দুপুরে পলাশবাড়ী সদরের বাসস্ট্যান্ডে দেখা যায় শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। রমজান আলী নামের সাদুল্যাপুরের ধাপেরহাট গ্রামের এক চাকরিজীবী বলেন, ‘আমি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ছেলের অসুস্থতার জন্য ৩ জানুয়ারি বাড়ি এসেছিলাম। কাল (আজ) বুধবার চাকরিতে যোগদানের কথা। সকাল থেকে অপেক্ষা করছি, যানবাহন পাচ্ছি না।’ একই উপজেলার কানসারডারা গ্রামের রাজমিস্ত্রি আবুল কাশেম বলেন, ‘হামরা ঢাকাত আজমিসত্রির (রাজমিস্ত্রির) কাম করি। সোমবার থেকে থাকি ঢাকাত যাবার চাই, যাব্যার পাইনে। চিন্তাত আছি।’ ট্রাক চলাচল বন্ধ থাকায় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। শাকসবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
দিনাজপুর: সড়কপথে যান চলাচল বন্ধ থাকায় দিনাজপুর থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় চাকরিরত মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। জেলা মোটর মালিক পক্ষের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, অবরোধের কারণে দিনাজপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। অন্য জেলা থেকেও বাস আসেনি। অস্ট্রেলিয়াপ্রবাসী শহরের কালিতলা এলাকার ফারজানা আনোয়ার জানান, এক মাসের জন্য দেশে এসেছেন। ১০ জানুয়ারি ঢাকায় যেতেই হবে। বাসের টিকিট আছে, কিন্তু বাস যাবে না। বিমানেরও টিকিট পাচ্ছেন না। ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন।
আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথে বাস চলাচল করতে দেখা যায়নি। তবে সকালে সব কটি ট্রেনই গন্তেব্যের উদ্দেশে আক্কেলপুর রেলস্টেশন ছেড়েছে। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন জানান, অবরোধে ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নাশকতা রোধে রেলস্টেশন ও বাস টার্মিনালে পুলিশি টহল অব্যাহত থাকবে।
শেরপুর (বগুড়া): ‘অবরোধ মানুষের কষ্ট বাড়ায়। অন্যভাবে আন্দোলন করলে মানুষের কষ্ট কম হবে। নেতাদের সাধারণ মানুষের কষ্ট নিয়ে একটু ভাবা দরকার।’ বিকেলে শেরপুর সদরে বাসস্ট্যান্ড এলাকায় হেঁটে চলার পথে এ কথা বলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা দিনমজুর নজরুল ইসলাম। তিনি পাবনার কাশিনাথপুরে কাজ শেষে হেঁটে বাড়িতে ফিরছিলেন। একইভাবে অবরোধ নিয়ে কষ্টের কথা বলেন আরও অনেকে।
সিরাজগঞ্জ: শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে ফিরে গেছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও অত্যধিক ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে অনেকে ফিরে গেছেন। উল্লাপাড়া বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী সবুজ আলী জানান, স্ত্রী, পরিবার-পরিজন নিয়ে জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য উল্লাপাড়া স্টেশনে গিয়ে টিকিট না পেয়েও বসে ছিলাম। ঢাকাগামী পদ্মা ট্রেনটি এলেও যাত্রীর চাপে তাতে ওঠা সম্ভব হয়নি। বিকেল পর্যন্ত বাসস্ট্যান্ডে অবস্থান করার পর বাস না চলায় বাধ্য হয়ে বাড়িতে যেতে হচ্ছে। কামারখন্দের আবুল হাশেম জানান, ঢাকায় যাওয়ার জন্য সকাল ১০টা থেকে বাসের জন্য অপেক্ষা করলাম। আজ (গতকাল) মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাঁর বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে আনতে যাব কিন্তু গাড়ি না চলার কারণে যাওয়া হলো না।