অবরোধে ট্রেনের সময়সূচিতে বিপর্যয়
টানা অবরোধে বিপর্যয়ে পড়েছে ট্রেনের সময়সূচি (শিডিউল)। বগুড়া রেলস্টেশনে গতকাল মঙ্গলবার লালমনি এক্সপ্রেস ২৪ ঘণ্টা ও রংপুর এক্সপ্রেস সাড়ে ১৪ ঘণ্টা দেরিতে পৌঁছেছে।
সোমবার বেলা দেড়টায় ঢাকা অভিমুখী ‘লালমনি এক্সপ্রেস’ ২৪ ঘণ্টা পর গতকাল বেলা দেড়টায় বগুড়া স্টেশন ছেড়ে গেছে। ২৪ ঘণ্টার শিডিউল বিপর্যয় ঘটায় এই ট্রেনের সময়সূচির সমন্বয় করতে এক দিনের যাত্রাসূচি বাতিল করতে হয়েছে একইভাবে ঢাকামুখী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের বগুড়া স্টেশন ত্যাগ করার কথা রাত ১১টা পাঁচ মিনিটে। সেই ট্রেন সাড়ে ১৪ ঘণ্টা পর সোমবার বেলা দেড়টার পরে বগুড়া স্টেশনে এসেছে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে মঙ্গলবার চাকরির সাক্ষাৎকার ছিল ফারহানা ইয়াসমিনের। অবরোধে বাস চলাচল বন্ধ থাকায় রংপুর এক্সপ্রেস ধরতে বগুড়ায় সোমবার রাত থেকে অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে সেই ট্রেন ভিড়ল মঙ্গলবার বেলা দেড়টায়। ততক্ষণে মুঠোফোনে ঢাকায় খবর নিয়ে ফারহানা ইয়াসমিন জানলেন, ‘ইন্টারভিউ শেষ।’
ট্রেনে চরম শিডিউল বিপর্যয়ের কারণে রাজধানী অভিমুখী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী ফারহানা ইয়াসমিনের মতো এমন অনেক যাত্রীকেই বগুড়া রেলস্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ-ভোগান্তি পোহাতে হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শৈবাল আহমেদ বলেন, ‘এখন বগুড়ায় কর্মরত আছি। বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ছুটি পেয়েছিলাম মাত্র দুদিন। তিন দিন আগে রাতের রংপুর এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটেছিলাম। এরপর রাত ১১টা থেকে স্টেশনে নির্ঘুম রাত কাটিয়েছি, সকাল পর্যন্ত কোনো ট্রেন পাইনি। ’
স্টেশনমাস্টার নজরুল ইসলাম বলেন, অবরোধে বাস বন্ধ থাকায় ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী বহন করতে হচ্ছে। স্বাভাবিক সময়ে ট্রেনের গতি থাকত ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার। এখন ৩৫ থেকে ৪০ কিলোমিটারে গতি নেমে এসেছে।