অবরোধে ঢিল ছোড়ায় চার শিশু আটক, পরে জিমঞ্চায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার বগুড়ার শেরপুরে চলন্ত গাড়িতে ঢিল ছোড়ার সময় চার শিশুকে আটক করে পুলিশ। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অবরোধে আইনশৃঙ্খলা রক্ষার অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, স্থানীয় মো. সেলিম নামের এক ব্যক্তি ওই শিশুদের যানবাহনে ঢিল ছোড়ার কাজে নিয়োজিত করে বলে তারা স্বীকার করেছে। সেলিম স্থানীয় শিবির কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, স্থানীয়ভাবে হরতাল-অবরোধসহ চলমান আন্দোলনে শিশুদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু স্থানীয় সব রাজনৈতিক দলের নেতাদের কর্মসূচিতে শিশুদের ব্যবহার না করতে আগে থেকে জানানো হয়েছিল। মঙ্গলবার সকাল ছয়টায় গাড়িতে ঢিল ছোড়ার সময় পুলিশ ওই চার শিশুকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার গাড়িদহ এলাকা থেকে আটক করে। তারা হলো: গাড়িদহ ইউনিয়নের বাংড়া পোদ্দারপাড়া গ্রামের শহীদ সরকারের ছেলে খায়রুল ইসলাম (১২), গাড়িদহ মাদ্রাসা পাড়ার আবদুল হালিমের ছেলে অনীম বাবু (১২), রফিকুল ইসলামের ছেলে রায়হান সরকার (১৫) ও গাড়িদহ মধ্যপাড়া গ্রামের টিটু সরকারের ছেলে জোনায়েদ রহমান (১৪)।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) নন্দিতা সরকার বলেন, আটকের পর ওই শিশুদের মায়েরা থানায় আসেন। পরে তাঁদের ছেলেরা ভবিষ্যতে এমন ঘটনায় জড়িত হবে না মর্মে অঙ্গীকার করায় শিশুদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল ঘটনাস্থলে গেলে ওই শিবির কর্মীর খোঁজ পাওয়া যায়নি।
এক শিশুর মা বলেন, তাঁর ছেলে গাড়িতে ঢিল ছুড়ে মারে, তা তিনি জানতেন না। পুলিশ তাঁর ছেলেকে আটক করার পর তা জানতে পারেন। একই কথা বলেন অন্য শিশুদের মায়েরাও।
উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমান বলেন, অনেক ছাত্রই তো এখন শিবির করে। তিনি দাবি করেন, স্থানীয় জামায়াত-শিবিরের লোকজন শিশুদের এ ধরনের কাজে কোনো দিন ব্যবহার করেনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, যারা শিশুদের এ ধরনের কাজে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।