অবরোধে তাঁতিদের হাহাকার
টানা অবরোধের কারণে বাইরের ব্যবসায়ীরা আসতে না পারায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে পাবনার কাপড়ের হাটগুলো। এ অবস্থায় উৎপাদিত শাড়ি-লুঙ্গি বিক্রি করতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন বেড়া ও সাঁথিয়া উপজেলার তাঁতিরা।
তাঁত চালানো তো দূরের কথা, সংসার চালানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাঁতিদের। নিরুপায় হয়ে কোনো কোনো তাঁতি স্থানীয় মহাজনদের কাছে কম দামে কাপড় বিক্রি করছেন।
কয়েকজন তাঁতির সঙ্গে কথা বলে জানা যায়, এমনিতেই তাঁতশিল্পে দীর্ঘদিন ধরে সংকট চলছে। একসময় বেড়া ও সাঁথিয়ায় ২০ হাজারের বেশি তাঁত চললেও বর্তমানে তা প্রায় ১০ হাজারে নেমে এসেছে। সমস্যা পিছু না ছাড়ায় এসব তাঁত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তার ওপর টানা অবরোধ এসব তাঁতের জন্য বয়ে এনেছে বিপর্যয়।
দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পাবনা ও সিরাজগঞ্জের হাটগুলোতে এসে তাঁতিদের কাছ থেকে কাপড় কিনে থাকেন। উত্তরাঞ্চলের প্রধান দুটি পাইকারি কাপড়ের হাট হলো পাবনার আতাইকুলা ও সিরাজগঞ্জের শাহজাদপুর। এ ছাড়া পাবনার বনগ্রাম ও রাকশা এবং সিরাজগঞ্জের সোহাগপুর হাটেও কাপড় বিক্রি হয়ে থাকে।
তাঁতিরা জানান, বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধে সড়কযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে হাটগুলোতে দূরের কাপড় ব্যবসায়ীরা আসতে পারছেন না। হাটে ওঠা কাপড়ও থাকছে অবিক্রীত।
কাপড় বিক্রি করতে না পারায় তাঁতিদের ঘরে প্রচুর কাপড় জমে গেছে। আর্থিক সংকটের কারণে শ্রমিকদের পাওনা শোধ করতে ও রং-সুতা কিনতে না পারায় অনেকে তাঁত বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। অবরোধ শুরুর পর থেকে গত সোমবার পর্যন্ত বেড়া ও সাঁথিয়ার প্রায় অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে বলে তাঁতিরা জানিয়েছেন। অবরোধ প্রত্যাহার না হলে বাকিগুলোও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেড়া পৌর তাঁত শ্রমিক সমিতির সাবেক সভাপতি ও হাতিগাড়া মহল্লার তাঁতশ্রমিক আজমত আলী বলেন, ‘অবরোধের আগে এই মহল্লায় প্রায় পাঁচ শ তাঁত চলত। হাটে কাপড় না চলায় বর্তমানে মাত্র আড়াই শ তাঁত চালু রয়েছে। বেকার হয়ে পড়ায় তাঁতশ্রমিকদের কষ্টে দিন কাটছে।’
গত শনিবার আতাইকুলা ও রোববার শাহজাদপুরের হাট ঘুরে দেখা গেছে, তাঁতিরা কাপড় নিয়ে এলেও ক্রেতার সংখ্যা একেবারেই কম। কাপড় বিক্রি করতে না পারায় তাঁতিদের মুখ ভার।
বেড়ার হাতিগাড়া মহল্লার একটি তাঁত কারখানার মালিক কাপড় ব্যবসায়ী গিয়াসউদ্দিন বলেন, ‘হাটে পাইকারেরা না আসায় আজ (রোববার) বউনিই করতে পারি নাই। অবরোধ শুরুর পর থেকে এ অবস্থা চলছে। এ অবস্থায় আমার কারখানার সব তাঁত বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই।’
বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি শাহ আলম বলেন, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেড়া ও সাঁথিয়ার প্রায় অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে। বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় বড়লোক তাঁতিরা ভালো থাকলেও গরিব তাঁতিদের কোমর ভেঙে গেছে। তিনি বলেন, ‘হাটে কাপড় বেচব্যার না পাইর্যা গরিব তাঁতিরা লোকসানে বড়লোক তাঁতি বা মহাজনের কাছে কাপড় বেইচ্যা দিত্যাছে। আর কিছুদিন অবরোধ থাকলি অনেক তাঁতির না খায়া থাকতি হবি।’