অবরোধে তাঁদের ভাত ওঠার জোগাড়
‘হরতাল-অবরোধে বেচাকেনা তেমন একটা নাই। পোলাপাইনরে মাছ, গোশত খাওয়াতে পারছি না। কোনো রকম ছোট মাছ ও শাকসবজি খেয়ে চলছে জীবন।’
গতকাল মঙ্গলবার রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায় ফুটপাতের দোকানি সজল খান এভাবেই তাঁর দুরবস্থার কথা জানালেন। কেবল সজল খান নন, একই অবস্থা মতিঝিল এলাকায় ফুটপাতের অন্যান্য খাবারের দোকানিদের।
এসব ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের কেনাবেচা অর্ধেকের নিচে নেমে এসেছে। সংসার চালাতে না পেরে অনেকে আবার পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অনেকে চলছেন ধারদেনা করে, দোকান থেকে বাকিতে সওদা কিনে। অনেকের আবার ভাত ওঠার জোগাড়।
সজল খানের ভাষ্য, ‘হরতাল-অবরোধে লোকজন আসতে পারে না। সিএনজি চালকেরাও আসছেন না। কোনোদিন লাভ হয়, আবার কোনোদিন হয় না। এ অবস্থায় মাছ-মাংস খাওয়া সম্ভব হয় না। কোনো দিন শাকসবজি, আবার কোনো দিন শুধু ছোট মাছ দিয়ে খাওয়া চলে।’ তিনি বলেন, ‘এখন তো মাছ-মাংস কেনাই দায়। বাচ্চাকাচ্চাদের জন্য ফল কিনতে চাইলেও তা পাইরে উঠি না। পুলাপাইনরে নয়ছয় দিয়া বুঝায় দেই। হাতে ১০-১৫ টাকা ধরায় দেই। তারা তাতেই না বুঝে খুশি থাকে।’
এই দোকানি জানান, বাজারে সবকিছুরই দাম বেশি। পাঁচজন স্টাফ প্রতিদিন দুই হাজার টাকা। সব মিলিয়ে তিন থেকে চার হাজার টাকা বেচাকেনা হচ্ছে। এ অবস্থায় চলতে কষ্ট হচ্ছে। স্টাফদের বেতন দেওয়ার পর কোনো দিন থাকে, আবার কোনো দিন কিছুই থাকে না।’
সজল খান বলেন, ‘আমরা তো কারও কাছে কিছুই চাই না। আমরা চাই, শান্তিতে থাকতে। শান্তিতে ব্যবসাবাণিজ্য চালাতে। কিন্তু আমাদের কথা কেউ ভাবে না।’
পাশের ভাতের হোটেলের আবদুর রাজ্জাক জানান, দুই মাসের ঘরভাড়া জমে আছে। হোটেলে তিনজন কর্মচারীর খরচ এক হাজার ৬০০ টাকা। কেনাবেচা কমে যাওয়ায় পাশাপাশি চারটি হোটেলের মধ্যে দুটি করে এক দিন পর পর বন্ধ রাখা হয়।
মতিঝিলের ফেডারেশন ভবনের পশ্চিম পাশের আরেক দোকানি বলেন, ‘কর্মচারীদের বেতন দিয়া কোনো রকমে টাইনা নিয়া যাইতেছি। চলতে তো হইব। গরিবের কথা কেউ ভাবে না।’
মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ভাতের হোটেলের মালিক ইসমাইল জানান, আগে ৩০-৩৫ কেজি চালের ভাত বিক্রি হতো। এখন ১৫-২০ কেজি চাল চলে। লোকজন আসে না, তাই বেচাবিক্রি কম। তিনি জানান, তিনজনের জায়গায় দুজন কর্মচারী নিয়ে হোটেল চালাতে হচ্ছে। দোকানে বাকি রাখছেন। কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটছে বলে জানান তিনি।
এই দোকানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত দুই মাসে কাহিল হইয়া গেছি। ছয় হাজার টাকা ঘরভাড়া বাকি। গত দুই দিন কর্মচারীদের বেতনও পুরোপুরি দিতে পারি না। হেরা আমাগো চিন্তাভাবনা করলে তো হরতাল হয় না। সবকিছু সুস্থভাবে হয়। জনগণের দিক হেরা ফিররেই চায় না। সাধারণ লোকের দিকে তাগো কোনো খেয়াল নাই। দিহা সাক্ষাত্ও নাই। আমরা শান্তি কামনা করি। দেশ ভালো হলে কারও সমস্যা হয় না।’
পাশের আরেক হোটেলের মালিক বলেন, ‘বেচাকেনা না থাকায় সংসার নিয়ে ঝামেলায় আছি। তাই সবাইকে দ্যাশে পাঠায় দিছি।’