বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের তৃতীয় দিনে গতকাল সোমবার নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের এক নেতা নিহত, পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অবরোধকারীরা একটি অ্যাম্বুলেন্স, একটি দোকানসহ নয়টি যানবাহন ভাঙচুর ও পুলিশের একটি হিউম্যান হলারসহ তিনটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করেছে।
এ ছাড়া গত রোববার কুড়িগ্রামে জাপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারের মুক্তির দাবিতে শহরের আলাইপুরের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি উত্তরা সুপার মার্কেটের সামনে পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় কয়েকটি গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তালুকদার গুলিবিদ্ধ এবং এক কলেজছাত্র আহত হন।
বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম সমর্থকদের নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড থেকে মনোনয়নপত্র দাখিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। তাঁরা কানাইখালী ফায়ার সার্ভিস অফিসের কাছাকাছি পৌঁছলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
পরে র্যাব ও বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সংঘর্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় মিড মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুলিবিদ্ধ শফিকুজ্জামান ওরফে সুজন (২৮) মারা যান। তিনি শহর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং কানাইখালী এলাকার সালামত আলীর ছেলে। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি আজ মঙ্গলবার থেকে তিন দিনের হরতাল আহ্বান করেছে।
রাজশাহী: সকাল আটটার দিকে নগরের কোর্ট স্টেশনের পাশে বাইপাস সড়কে অবরোধকারীরা একটি লাঠি মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অবরোধকারীরা পুলিশের ওপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের ব্যবহূত শটগানের গুলিতে কনস্টেবল শামসুজ্জামান আহত হন।
একপর্যায়ে অবরোধকারীরা পুলিশের ব্যবহূত হিউম্যান হলারে আগুন লাগিয়ে দেন। পরে অতিরিক্ত পুলিশ এবং পুলিশের সাঁজোয়া যান এপিসি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া নগরের কাদিরগঞ্জ এলাকায় অবরোধকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তাঁরা একটি দোকানও ভাঙচুর করেন।
সিরাজগঞ্জ: সকালে সিরাজগঞ্জ-নলকা সড়কের চকশিয়ালকোল সিএনজি পাম্পের সামনে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন অবরোধকারীরা। সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের খোকসাবাড়ী এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা তিনটি যানবাহন ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মুখোশ পরা ব্যক্তিরা পৌর এলাকার শেরনগরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ছাড়া সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় পিকেটিংয়ের সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেন।
নীলফামারী: ডিমলায় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন অবরোধকারীরা। দুপুরে জেলা শহরে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল পৌর মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বাধা দেয়। পরে অবরোধকারীরা মূল সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ ছাড়া ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ১৮ দল কুড়িগ্রামে গত রোববার হরতাল আহ্বান করে। সকালে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি। এ সময় জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী কালীবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিলের সামনে পড়েন। বিক্ষুব্ধ বিএনপির কর্মীরা তাঁকে বহনকারী মোটরসাইকেলটি ভাঙচুর করেন। তাঁরা আজিজুলকে মারধর ও তাজুলকে লাঞ্ছিত করেন। এরপর বিএনপি সবুজপাড়ায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন আজিজুল।