অবরোধে থাকে গ্যাসের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে গাড়ি চলাচল কমে যায়। তখন চট্টগ্রাম নগরের আবাসিক এলাকায় গ্যাস সংকট থাকে না। হরতাল-অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামের ৬২টি গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারিও দেখা যায় না। তখন আবাসিক গ্রাহকেরা স্বস্তিতে থাকেন। চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা আবার উৎপাদনে গেলে চট্টগ্রামে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করতে পারে।
সূত্র জানায়, চট্টগ্রাম নগরে আবাসিক গ্রাহকের সংখ্যা তিন লাখ ৬০ হাজারের বেশি। শিল্প-কারখানার গ্রাহক প্রায় এক হাজার। আর সিএনজি ফিলিং স্টেশন রয়েছে ৬২টি। আবাসিক গ্রাহকের গ্যাসের চাহিদা সর্বোচ্চ ৪০ মিলিয়ন ঘনফুট। ৬২টি ফিলিং স্টেশনের চাহিদা ৩০-৩২ মিলিয়ন ঘনফুট। ফিলিং স্টেশনে গাড়ি গ্যাস না নিলে সকালের দিকে আবাসিক গ্রাহকদের চুলা জ্বলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত মধ্য নভেম্বর থেকে চট্টগ্রামে গ্যাস-সংকট শুরু হয়। ১৫ নভেম্বর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) গ্যাস সরবরাহ দেওয়া শুরু হলে এই সংকট ঘনীভূত হয়। এ কারণে কয়েকটি বড় বড় আবাসিক এলাকায় রান্নাবান্নার কাজ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। শিল্প-কারখানাগুলোর উৎপাদনও ব্যাহত হচ্ছিল। গত ১৯ ডিসেম্বর সিইউএফএল উৎপাদন বন্ধ করে দিলে সঞ্চালন লাইনে চাপ আবার বাড়তে থাকে। এতে আবাসিক গ্রাহকেরা কিছুটা স্বস্তি পান। তবুও স্বাভাবিক কর্মজীবনে নগরের কয়েকটি এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত এখনো গ্যাস মেলে না।
কর্ণফুলী নদীতে মিঠা পানির অভাবের কারণে সিইউএফএল ১৯ ডিসেম্বর থেকে সার উৎপাদন বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি কোটি টাকা বাড়তি খরচ করে কাপ্তাই বাঁধের কাছাকাছি কর্ণফুলী নদী থেকে পানি আনার ব্যবস্থা করছে। তাই আজ-কালের মধ্যে সিইউএফএল আবার সার উৎপাদনে যেতে পারে। তখন চট্টগ্রামে গ্যাস-সংকট আবার ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘চাহিদার অর্ধেক গ্যাস পাচ্ছে চট্টগ্রামবাসী। বিকল্প ব্যবস্থা না করে সিইউএফএল আবার চালু হলে চট্টগ্রামে গ্যাসের ভয়াবহ সংকট দেখা দেবে। শীতকালে আবাসিক গ্রাহকদের ভোগান্তি তো বাড়বেই। শিল্প-কারখানার উৎপাদনেও ধস নামবে।’
গ্যাস সরবরাহকারী সংস্থা সূত্র জানায়, চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে চট্টগ্রামে শিল্প ও আবাসিক এলাকায় সরবরাহ হচ্ছে মাত্র ২২০ মিলিয়ন ঘনফুট। সিইউএফএল চালু হলে প্রতিষ্ঠানটি প্রতিদিন আবার ৪৫ মেগাওয়াট গ্যাস টেনে নেবে।
সিইউএফলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু জামাল সরকার বলেন, ‘কর্ণফুলীতে লোনা পানির কারণে আমরা ১৯ ডিসেম্বর থেকে সার উৎপাদন বন্ধ রাখি। মিঠা পানির ব্যবস্থা আমরা করে ফেলেছি। তাই আজ-কালের মধ্যে কারখানাটি উৎপাদনে যাবে। পূর্ণ উৎপাদনে যেতে আমাদের ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার।’
জানা গেছে, সিএনজি ফিলিং স্টেশনে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এই সিদ্ধান্ত আবাসিক গ্রাহকদের কার্যত কোনো উপকারে আসছে না। কারণ ফিলিং স্টেশনগুলো সকালে যখন চালু থাকে, তখন বাসাবাড়িতে রান্নার ধুম পড়ে। এতে পাইপলাইনে গ্যাসের চাপ আর থাকে না। তাই দিনের বেলায় ১২টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার দাবি ওঠে। গত ২৬ নভেম্বর ১৮-দলীয় জোটের দফায় দফায় অবরোধ কর্মসূচি শুরু হয়। এখন চলছে ষষ্ঠ দফার কর্মসূচি। অবরোধ কড়াকড়ি হলে গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনে গাড়ির ভিড় থাকে না। তখন আবাসিক সঞ্চালন লাইনে গ্যাসের চাপ থাকে।
জানা যায়, নগরের বাকলিয়া, জামালখান ও রহমতগঞ্জসহ কিছু এলাকায় সকালের দিকে গ্যাস সরবরাহ থাকে না। এসব এলাকায় প্রতিদিন ভোর ছয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুলা জ্বলে না। আবার রাত আটটা থেকে ১০টা পর্যন্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে অবরোধের দিন কিছুটা স্বস্তিতে থাকেন আবাসিক গ্রাহকেরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. শহীদ আলী বলেন, ‘সকালের দিকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের জোরালো দাবি গ্রাহকদের থেকে আসা উচিত। তখন উচ্চপর্যায়ে আমরা বিষয়টি নিয়ে কথা বলে গ্যাস সরবরাহের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারব।’