অবরোধে দক্ষিণাঞ্চলের চার জেলায় ডিজেল-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো আবাদের ভরা মৌসুমে যশোর অঞ্চলের ৬৫টি জ্বালানি তেলের পাম্পে ডিজেলের সংকট দেখা দিয়েছে। অবরোধের কারণে খুলনার জ্বালানি তেলের ডিপো থেকে তেলের গাড়ি বৃহত্তর যশোরের চার জেলা—মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরে আসতে পারেনি। এ কারণে সংকট তীব্র হয়েছে।
ডিজেলের এ সংকট দীর্ঘস্থায়ী হলে বোরো আবাদ পিছিয়ে যাবে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির তিনটি ডিপো থেকে ওই চার জেলার ৬৫টি জ্বালানি তেলের পাম্প ও ১০৩ জন এজেন্ট ডিজেল পেয়ে থাকেন।
সমিতির মহাসচিব সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, চলতি বোরো মৌসুমে ওই চার জেলায় দৈনিক ৪৫ থেকে ৫০ লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে। গত ৩১ ডিসেম্বর দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় ডিলাররা (পাম্পমালিক) প্রয়োজনীয় ডিজেল নিতে পারেননি। এদিন মাত্র ২০ লাখ লিটার ডিজেল পাওয়া গেছে।
সাজ্জাদুল করিম জানান, অবরোধের কারণে বুধবার (গতকাল) খুলনার তিনটি ডিপো থেকে তেলের কোনো গাড়ি যশোর অঞ্চলে আনা যায়নি। এ কারণে বুধবার বিকেল থেকে ডিজেলের সংকট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ সংকট তীব্র হবে।
এদিকে ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ সফল করতে গতকাল বুধবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ও চেঙ্গুটিয়া, যশোর সদর উপজেলার রূপদিয়া, বসুন্দিয়া, সিঙ্গিয়া এবং যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কুয়াদা, মনিরামপুর উপজেলার বেগারিতলা, চালকিডাঙ্গা, জালঝাড়া, চিনাটোলাসহ কয়েকটি স্থানে অবস্থান নেন। এ কারণে ওই সব এলাকা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এতে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। পণ্য পরিবহনও ব্যাহত হয়েছে।
কেশবপুর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আকিজ উদ্দীন বলেন, ‘আমার পাম্পে বর্তমানে দৈনিক সাড়ে তিন হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে। মঙ্গলবার তিন হাজার লিটার পাওয়া গেছে। যে তেল আছে, তা বুধবার বিকেলেই শেষ হয়ে যাবে। অবরোধের কারণে যদি তেলের গাড়ি আসতে না পারে, তাহলে বৃহস্পতিবার থেকে ডিজেলের তীব্র সংকট দেখা দেবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক শেখ হেমায়েত হোসেন বলেন, কৃষকেরা বোরো রোপণের জন্য জমি তৈরি করার কাজ শুরু করেছেন। এ জন্য জমিতে সেচ দিতে হয়। ডিজেলের দীর্ঘস্থায়ী সংকট দেখা দিলে রোপণ পিছিয়ে যাবে। এতে জমির ফলন কমে যাবে। কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর যশোরে এক লাখ ৫৩ হাজার ৪৭৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ডিজেলচালিত পাম্পের সেচের আওতায় রয়েছে এক লাখ ২০ হাজার ৯০০ হেক্টর জমি।
সৈয়দ সাজ্জাদুল করিম জ্বালানি তেলের গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার জন্য ১৮-দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।