অবরোধে দগ্ধ অটোরিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা অবরোধ চলাকালে ১ ডিসেম্বর অবরোধকারীদের পেট্রলবোমা হামলায় সিএনজিচালিত অটোরিকশার চালক অগ্নিদগ্ধ আবদুল আজিজের মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবদুল আজিজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর লাঙ্গলমোড়া এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর রাত আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে হাটহাজারী থেকে বাসায় ফিরছিলেন আবদুল আজিজ। তিনি মহুরিহাট বটতল এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাঁর অটোরিকশায় পেট্রলবোমা ছুড়ে মারে। এতে অটোরিকশায় আগুন লেগে গেলে আবদুল আজিজের শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বার্ন ইউনিটে চিকিত্সা নেওয়ার পর তাঁকে ৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আবদুল আজিজের বড় ভাই কামাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁর ভাইকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘আবদুল আজিজের এক মেয়ে ও দুই ছেলে। অটোরিকশাটা তাঁর নিজের কেনা ছিল। অবরোধকারীদের দেওয়া আগুনে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে তাঁর নিজের জীবনটাও পুড়ে ছাই হয়ে গেল।’