অবরোধে দগ্ধ আরেকজন মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ১১ বছর ধরে শয্যাশায়ী। ছোট ছেলে সঞ্জু মিয়া চার বছর আগে ক্যানসারে মারা গেছেন। আর নাশকতার আগুনে পুড়েছেন অন্য ছেলেটি। গতকাল শুক্রবার সেই শাহজাহানও চলে গেলেন না-ফেরার দেশে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বারান্দায় বুক চাপড়ে এসব কথাই বলছিলেন শাহজাহানের মা ষাটোর্ধ্ব বুলবুল বেগম।

২১ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমদপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন পেশায় বাবুর্চি শাহজাহান (৩২)। এরপর তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল বেলা পৌনে দুইটায় তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের ৪১ ভাগ পুড়ে গিয়েছিল।

স্বজনেরা জানান, ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করতেন শাহজাহান। প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি গৌরীপুরের নওহাটা যেতেন। ২১ ডিসেম্বর আরও চারজনের সঙ্গে অটোরিকশায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে আটটার দিকে অটোরিকশাটি গৌরীপুর-রামপুর সড়কের নওহাটা এলাকায় এলে তিনজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে। অন্য যাত্রীরা ও চালক বেরিয়ে যেতে পারলেও শাহজাহানের পোশাকে আগুন ধরে যায়।

শাহজাহানকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও সাত বছরের ছেলে হায়দার ও তিন বছরের মেয়ে শারমীনকে রেখে ঢাকায় আসতে পারেননি স্ত্রী রোখসানা বেগম। গতকাল সকালে তিনি গৌরীপুর থেকে ঢাকার উদ্দেশে বের হন। দুপুরে বাসটি যখন গাজীপুর এলাকায়, তখনই তাঁর ফোনে খবর যায় ‘শাহজাহান আর নেই’। বাসেই কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন রোখসানা। এরপর তাঁকে আবার বাড়িতে নিয়ে যান তাঁর ভাই রফিকুল ইসলাম।

বুলবুল বেগম এখন চিন্তিত শাহজাহানের সন্তানদের ভরণপোষণ নিয়ে। তিনি বলতে থাকেন, পুরো পরিবারটিই শাহজাহানের আয়ে চলত। এখন আর পরিবারের হাল ধরার কেউ রইল না।

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে: বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, হরতাল-অবরোধে নাশকতার আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত ১৩২ জন চিকিৎসা নিতে বার্ন ইউনিটে এসেছেন। তাঁদের মধ্যে ২৮ জন এখনো চিকিৎসাধীন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত বুধবার রাতে মারা যান সিরাজগঞ্জে দগ্ধ ট্রাকচালক শাহিনুর রহমান। একই ঘটনায় দগ্ধ ট্রাকচালকের সহকারী মাজেদুল ইসলাম ও গাজীপুরে দগ্ধ ট্রাকচালক নজরুল ইসলাম মঙ্গলবার রাতে মারা যান।

বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলামোটরে দগ্ধ পুলিশ কনস্টেবল ফাইজুল ইসলাম ও চট্টগ্রামে দগ্ধ সাইফুল ইসলাম। তাঁদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।