অবরোধে দগ্ধদের চিকিৎসায় তিন কমিটি
হরতাল-অবরোধে দগ্ধ রোগীদের চিকিৎসায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। সরকারের নির্দেশে কমিটিগুলো গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট।
আজ রোববার দুপুর ১২টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন অধ্যাপক সাজ্জাদ খন্দকার।
ব্রিফিংয়ে জানানো হয়, তিনটির মধ্যে একটি বার্ন ইউনিটের নিজস্ব কমিটি। রোগীদের স্বজন ও চিকিৎসকদের সমন্বয়ে করা হয়েছে আরেকটি কমিটি। তৃতীয় কমিটিটি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে।
চিকিৎসক সাজ্জাদ খন্দকার জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আশঙ্কাজনকভাবে দগ্ধ হওয়া নয়জনের মধ্যে একজনকে আজ আইসিইউতে স্থানান্তর করা হতে পারে। বার্ন ইউনিটে থাকা রোগীদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের সম্ভাবনা আপাতত নেই।
এখন থেকে প্রতিদিন দুপুর ১২টায় এ ধরনের ব্রিফিং করা হবে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।