অবরোধে নগর ভবনে আসেন না মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৩ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির মোস্তফা-হাকিম ভবন। এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলমের বাসভবন। এই ভবনে একের পর এক আসছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। করপোরেশনের পুল অফিসার মির্জা ফজলুল কাদের অপেক্ষা করছিলেন বৈঠকখানায়। কিছুক্ষণ পর মোটরসাইকেল করে একটি ফাইল নিয়ে আসেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ শফিকুল মান্নান ছিদ্দিকী। এরপর করপোরেশনের একটি অ্যাম্বুলেন্সে চড়ে উপস্থিত হলেন মেয়রের ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম।
উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হরতাল-অবরোধে নগর ভবনের কার্যালয়ে যান না মেয়র মন্জুর আলম। তাই করপোরেশনের জরুরি কাজে কর্মকর্তারা এভাবে ছুটে আসেন তাঁর বাসভবন মোস্তফা-হাকিম ভবনে। তবে মেয়র নগর ভবনে না গেলেও হরতালের সমর্থনে বিএনপির মিছিল-সমাবেশে উপস্থিত থাকেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর নগরের কর্নেল হাট এলাকায় সমাবেশে বক্তব্য দেন তিনি। মন্জুর আলম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও।
করপোরেশনের কর্মকর্তারা জানান, অবরোধের সময় নগরের উত্তর কাট্টলিতে অবস্থিত নিজ বাসায় বসে করপোরেশনের দাপ্তরিক কাজ সারেন মেয়র। করপোরেশনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নথিপত্র নিয়ে তাঁর বাসায় চলে যান। করপোরেশন থেকে যাতায়াতের জন্য বেশির ভাগ সময় তাঁরা অ্যাম্বুলেন্স ব্যবহার করে থাকেন।
অভিযোগ রয়েছে, মেয়রের অনুপস্থিতির কারণে করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের কর্মচাঞ্চল্যে ভাটা পড়েছে। এদিকে হরতাল-অবরোধের দিনে মেয়র না আসায় সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে ছুটির দিনে। গত ২৩ নভেম্বর শনিবার ছুটির দিনে গত মাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর মাসের সভা আহ্বান করা হয়েছে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটির দিনে।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মেয়র মহোদয় চাইলে বাসায় অফিস করতে পারেন। তাই হরতাল-অবরোধে মেয়র মহোদয় নগর ভবন কার্যালয়ে না এসে বাসায় অবস্থিত কার্যালয়ে বসে করপোরেশনের দাপ্তরিক কাজ করেন। এতে কোনো সমস্যা হচ্ছে না।’
গতকাল সকাল ১০টার দিকে নগর ভবনে গিয়ে দেখা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রধান প্রকৌশলীসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী হাজির হয়েছেন। মেয়রের দপ্তরে গিয়ে জানা যায়, তিনি আসেননি।
এদিকে গতকাল মেয়রের দৈনন্দিন কর্মসূচির তালিকা অনুযায়ী, সকাল ১০টায় বাংলাদেশ নেভাল একাডেমির মিডশিপম্যান-২০১২ এবং ডিইও ২০১৩-বি ব্যাচের কমিশন উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে উপস্থিত থাকার কথা ছিল। তবে এক নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে মেয়র সেটি বাতিল করেন বলে জানান মেয়রের ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম।
নিকটাত্মীয়ের জানাজা শেষে দুপুর সোয়া ১২টার দিকে মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করে বাসায় আসেন মেয়র মন্জুর আলম। এ সময় ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত বৈঠকখানায় না বসে সরাসরি নিজ কক্ষে চলে যান।
মেয়রের বাসায় গিয়ে তাঁর মন্তব্য জানার জন্য দেখা করতে চাইলে মেয়র মন্জুর আলম রাজি হননি। তাঁর ব্যক্তিগত সহকারী মো. পারভেজ এই প্রতিনিধিকে বলেন, ‘মেয়র মহোদয় আপনাকে হরতাল-অবরোধের দিন ছাড়া অন্য যেকোনো দিন করপোরেশনে গিয়ে দেখা করার পরামর্শ দিয়েছেন।’
সিটি করপোরেশনের তিনজন কাউন্সিলর প্রথম আলোকে বলেন, মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তাই দলীয় কর্মসূচিতে পরোক্ষ সমর্থন দিয়ে নগর ভবন কার্যালয়ে আসছেন না তিনি।
জানা গেছে, গত চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে নগর ভবনের কার্যালয়ে আসতেন না তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও। তিনিও বাসায় অফিস করতেন। বর্তমান মেয়রও সেই ধারা অনুসরণ করছেন বলে মনে করছেন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।