অবরোধে নিধন করা গাছ পুলিশের সহায়তায় লুট!
গাইবান্ধার তিন উপজেলায় হরতাল-অবরোধের সময় কাটা তিন শতাধিক গাছের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমনকি পুলিশের খাতায়ও গাছ উদ্ধারের কোনো তথ্য নেই। বরং পুলিশের সহায়তায় দুর্বৃত্তরা এসব গাছ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পলাশবাড়ী উপজেলা শহরের এক কলেজ শিক্ষক জানান, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুলিশের। কিন্তু তারা সড়ক পরিষ্কারের নামে টাকার বিনিময়ে এসব গাছ দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছে। তবে পুলিশের দাবি, স্থানীয় দুর্বৃত্তরা গাছ লুটপাট করেছে।
পরিবেশ আন্দোলন গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, মানুষ ও যানবাহনের পাশাপাশি এখন রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছে গাছ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে দেশ গাছশূন্য হয়ে পড়বে।
জানা গেছে, গত ২৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধের কর্মসূচি চলাকালে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহর ও সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট, গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক ও সুন্দরগঞ্জ উপজেলা শহরসহ বিভিন্ন সড়কের পাশের গাছ নির্বিচারে নিধন করে। হরতাল-অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়কের ওপরে ফেলা গাছ লুটপাট হয়ে যায়। কাটা গাছ উদ্ধার করার দায়িত্ব পুলিশের। কিন্তু পলাশবাড়ী, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ থানায় কাটা গাছ উদ্ধারের কোনো তথ্য নেই। এসব গাছ সড়ক ও জনপথ বিভাগ (সওজ), জেলা পরিষদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।
পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, যেসব বিভাগের গাছ কাটা হয়েছে, সেসব বিভাগের লোকজন গাছ উদ্ধারের কোনো চেষ্টা বা মামলা পর্যন্তও করেননি। সওজের গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘গত এক মাসে সওজের প্রায় ১০০ গাছ কাটা হয়েছে। গাছ কাটার বিষয়টি সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানিয়েছি। মামলা করলে পুলিশই করবে।’
জেলা পরিষদের প্রশাসক শামস-উল-আলম বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতাল-অবরোধ কর্মসূচির নামে নাশকতা চালাচ্ছেন। তাঁরা পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার জেলা পরিষদের দুই শতাধিক গাছ কেটেছেন। এসব গাছের মূল্য প্রায় ২২ লাখ টাকা।
গাইবান্ধা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, সওজ এবং জেলা পরিষদের গাছ কাটার সময় বরেন্দ্র কর্তৃপক্ষের অর্ধশতাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের ব্যবসায়ী মিলন মিয়া অভিযোগ করেন, ১৩ ডিসেম্বর ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খ.ম হাফিজের সহায়তায় স্থানীয় লোকজন অবরোধের সময় কেটে ফেলা কয়েকটি গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। এসআই হাফিজ এ অভিযোগ অস্বীকার করেছেন।
পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন জানান, পুলিশের সহায়তায় গাছ লুটপাটের অভিযোগ সঠিক নয়। মহাসড়ক ও সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে সড়কের পাশেই রাখা হয়। সেগুলো রাতে দুবৃর্ত্তরা নিয়ে যায়।
পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শামীম আহমেদ বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী গাছ কাটে না। হরতাল-অবরোধের সুযোগে স্থানীয় দুষ্কৃতকারীরা গাছ কাটে, আবার তারাই বিক্রি করে।’