অবরোধে নির্বাচনী আইনশৃঙ্খলা বৈঠক পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সহিংস তৎপরতার কারণে সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা-সম্পর্কিত বৈঠক এক দিন পেছাল। রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) অনুরোধে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বৈঠক কাল বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। বৈঠকে রিটার্নিং কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তবে বৈঠক পেছানোর বিষয়ে জানতে চাইলে কমিশন সচিব মোহাম্মদ সাদিক কোনো মন্তব্য করেননি।

কমিশন সচিবালয় সূত্র জানায়, নিরাপত্তার প্রশ্নে জেলা প্রশাসকেরা বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বৈঠক আয়োজনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তাঁরা কমিশনকে বলেছেন, দেশে যে সহিংস পরিস্থিতি বিরাজ করছে, তাতে তাঁদের পক্ষে জেলা ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। তা ছাড়া, অবরোধের কারণে এক জেলা ছেড়ে অন্য জেলায় যাওয়াও কঠিন হয়ে পড়েছে। তাঁদের পরামর্শে কমিশন শুক্রবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওই দিন সাধারণত বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না।

দশম সংসদ নির্বাচনে ১৫৪টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এখন ১৪৬টি আসনে নির্বাচন হবে। জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার কোনো আসনে ভোট করতে হবে না। পঞ্চগড়, রংপুর, চুয়াড়াঙ্গা, ঝিনাইদহ, বরগুনা, শেরপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব আসনে ভোট হবে। বাকি জেলাগুলোর আংশিক আসনে ভোট হবে।

১৪৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২টি দল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন।

নিরাপত্তা নিয়ে শঙ্কিত পর্যবেক্ষকেরা: নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) নির্বাচনের নিরপত্তা প্রশ্নে শঙ্কিত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এ আশঙ্কার কথা জানান।

সাক্ষাৎ শেষে ইডব্লিউজির অংশীদার ডেমোক্রেসি ওয়াচের প্রধান নির্বাহী তালেয়া রেহমান সাংবাদিকদের বলেন, কমিশনের নিয়ম অনুযায়ী পর্যবেক্ষকদের ভ্রাম্যমাণ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু দেশের যে অবস্থা, তাতে পর্যবেক্ষকেরা কেন্দ্রে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। সে বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। কমিশন বিবেচনা করবে।

ইডব্লিউজির আরেক কর্মকর্তা আবদুল আলীম বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ইডব্লিউজি পর্যবেক্ষণ করবে না। বর্তমানে তাদের পক্ষ থেকে ১৪৬টি আসন পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ওপর নির্ভর করছে ৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্বাচন পর্যবেক্ষণ করবে কি না।

কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিদেশি সংস্থাগুলোর কাছ থেকেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।