লাগাতার হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে নতুন রেকর্ড হয়েছে।
বন্দরের পরিবহন বিভাগ সূত্র জানায়, অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৬৬ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) পণ্য খালাস করে নিয়েছেন আমদানিকারকেরা। তবে স্বাভাবিক সময়ে এর চেয়ে বেশি কনটেইনার খালাস হওয়ার নজির আছে।
বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম প্রথম আলোকে জানান, টানা অবরোধ-হরতালের মতো কর্মসূচির সময়ে পণ্যভর্তি কনটেইনার খালাসের সংখ্যার দিক থেকে এটি সর্বোচ্চ।
বন্দর সূত্র জানায়, এই রেকর্ডের আগে ২০১৪ সালের ৭ জানুয়ারি সকাল আটটা থেকে ৮ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত এ ধরনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭৫২ একক কনটেইনার পণ্য খালাস হয়।
২০১৩ সালের অক্টোবর-নভেম্বরে এক দিনের হরতালে গড়ে ৪০০ একক কনটেইনার পণ্য খালাস হয় বন্দর থেকে। এরপর ২০১৪ সালের অক্টোবর-নভেম্বরে পাঁচ দিনের হরতালে গড়ে প্রতিদিন পণ্য খালাস হয় ১ হাজার ৮৮৭ কনটেইনার।
বন্দর সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২ হাজার কনটেইনার পণ্য খালাস হয়।
বন্দরের পরিবহন বিভাগ জানায়, হরতাল-অবরোধ কর্মসূচিতে বন্দরের অভ্যন্তরে কাজে কোনো সমস্যা হয় না। তবে বন্দরের বাইরে গাড়ি চলাচল না হলে পণ্য খালাসে সমস্যায় পড়েন আমদানিকারকেরা। কিন্তু এবার অবরোধের মধ্যেও সড়ক-মহাসড়কে গাড়ি চলাচল করায় এই সমস্যার মুখে পড়তে হচ্ছে না আমদানিকারকদের।
বন্দরের হিসাব অনুযায়ী, সড়কপথ ছাড়া রেলপথেও কনটেইনার পরিবহন স্বাভাবিক আছে। গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত এক দিনে বন্দর থেকে রেলপথে ৯০ কনটেইনার পণ্য ঢাকার কমলাপুর ডিপোতে নেওয়া হয়েছে।