অবরোধে পুলিশের গাড়িতে আগুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় ২৫টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। নারায়ণগঞ্জ শহরে একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়েছে এবং আড়াইহাজার উপজেলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর থানার এক উপপরিদর্শকের মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): গতকাল ভোর সাড়ে পাঁচটায় সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের সমর্থকেরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় অবরোধ করেন। এ সময় তাঁরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ২৫টি গাড়ি ভাঙচুর করেন। সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থল এসে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম রানা, পৌর শ্রমিক দলের সভাপতি রাহিম, কর্মী বাছেদ, মন্টু মিয়া, প্রাইমসহ সাতজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নেওয়ার পর পুলিশ সেখানে গিয়ে তাদের সরিয়ে দেয়।
নারায়ণগঞ্জ: সকাল ১০টায় শহরের কিল্লারপুর এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা পালিয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ডায়মন্ড হল এলাকায় মহানগর যুবদল মিছিল বের করে। এই সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় বিএনপির সমর্থকেরা মিছিল বের করেন। তাঁরা ওই এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-সিলেট সড়ক অবরোধ করেন ও টায়ারে অগ্নিসংযোগ করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যান। অবরোধে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।
গাজীপুর: বেলা ১১টার দিকে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের করা হয়। শিববাড়ী মোড়ের দিকে যাওয়ার সময় মিছিলকারীরা কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে। এতে বাধা দিলে তারা ঢাকা-শিমুলতলী সড়কের পাশে রাখা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের ব্যক্তিগত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান।
হাফিজুর রহমান বলেন, ‘মোটরসাইকেলটি জামায়াতের গাজীপুর জেলা কার্যালয়ের ঢোকার পথে সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে সেলুনে শেভ করতে যাই। এই সময় কিছু বুঝে ওঠার আগেই সড়ক দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পিকেটাররা ওই মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।’