অবরোধে প্রাণ গেল আরও তিনজনের
১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে গতকাল সোমবার নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামে তিনজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দ্বিতীয় দফার অবরোধে মোট ১০ জন নিহত হলেন। এর আগে ৭১ ঘণ্টার অবরোধে প্রাণ হারান ২২ জন।
গতকালও অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকাল ছয়টায় ৭২ ঘণ্টার এই অবরোধ শেষ হওয়ার কথা থাকলেও গতকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল এ কর্মসূচি আরও ৫৯ ঘণ্টা বাড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত এই অবরোধ চলবে। গতকাল সোমবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসাট আন্দোলনের নেতা আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানীর বাড়িতে গতকাল দুপুরে হামলা চালিয়েছেন অবরোধকারীরা। তাঁরা রাব্বানীর বড় ভাই ফিটু মিয়ার বাড়িতেও আগুন লাগিয়ে দিয়ে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা বাড়ির নিচতলার কয়েকটি ঘরের জানালা ভেঙে ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। গোলাম রাব্বানীর ছেলে শিশিরের একটি ট্রাক ও ফিটু মিয়ার একটি গাড়িতেও তাঁরা আগুন দেন। রাব্বানীসহ পরিবারের সব সদস্য দোতলায় আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান। হামলাকারীরা দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে ফিরে যাওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এর আগে অবরোধকারীরা শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের কানসাটের বেকির মোড় ও কানসাট মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন, যাতে গোলাম রাব্বানী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করতে না পারেন। এ সময় রাব্বানী-সমর্থক ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রুবেল নামের মিশুকের এক চালক মারা যান। তবে বিএনপি তাঁকে নিজেদের কর্মী দাবি করেছে।
বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারের মুক্তির দাবিতে নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে গতকাল বেলা ১১টার দিকে শহরের কানাইখালী ফায়ার সার্ভিসের সামনে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে সুজন (২৮) নামের এক যুবক মারা যান। বিএনপি দাবি করেছে, তিনি যুবদলের কর্মী। ওই সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল রাতে পিকেটারদের ইটের আঘাতে মো. ইসমাইল (৩৫) নামের এক সিএনজি অটোরিকশচালক নিহত হন।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা জানান, ইসমাইল চট্টগ্রাম শহর থেকে অটোরিকশা নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার সড়ক বাটা গ্রামে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ভবানীগেট এলাকায় পৌঁছার পর পিকেটাররা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে পিকেটারদের ইটের আঘাতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম মুন্সি মিয়া।
অবরোধে ক্ষতিগ্রস্ত ট্রাকচালকেরা গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে গেলেও পুলিশের বাধায় তাঁরা তা করতে পারেননি। ঢাকার ধানমন্ডির ১৫ নম্বরে বাসে আগুন দেওয়া যুবক শিবিরের কর্মী হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশকে তিনি জানিয়েছেন, সংগঠনের বড় ভাইদের নির্দেশে তিনি বাসে আগুন দিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বটতল, পন্থিছিলা, শেখপাড়া, উত্তর ও দক্ষিণ বাইপাস, কুমিরা, সুলতানা মন্দির, ফৌজদারহাটসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পিকেটারদের রোববার রাতে সংঘর্ষ হয়েছে। এ সময় পিকেটারদের ছোড়া ককটেলে পুলিশের চার সদস্য আহত হন। অবরোধকারীরা ইয়াছিন (৩১) নামের এক ট্রাকচালককে আগুনে পুড়িয়ে দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির গাড়িবহরে গতকাল হামলা চালিয়েছেন অবরোধকারীরা। এ সময় বদি দুটি ফাঁকা গুলি ছুড়ে নিজেকে রক্ষা করেন। রাজশাহীতে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন অবরোধকারীরা। চট্টগ্রামে অবরোধকারীদের ছোড়া হাতবোমায় স্কুলগামী এক ছাত্রী আহত হয়। গাজীপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের গাড়িবহরে এবং লালমনিরহাটে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের বাড়িতে হাতবোমা ফাটানো হয়।
গতকালও রেলপথে সহিংসতা হয়েছে।
এ ছাড়া গতকাল সকালে সিরাজগঞ্জ-নলকা সড়কের চকশিয়ালকোল সিএনজি পাম্পের সামনে একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান অবরোধকারীরা। রোববার রাত সোয়া ১১টার দিকে দুই যুবক যায়যায়দিন পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বাদল ভৌমিকের তালাবদ্ধ অফিসের দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। সিরাজগঞ্জে গতকাল অ্যাম্বুলেন্স ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেন অবরোধকারীরা।
চাঁদপুরে বিএনপির নেতা-কর্মীরা জেলা নির্বাচন কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। মাগুরার শালিখায় ও রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবরোধ চলাকালে উপজেলা নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়।
নারায়ণগঞ্জে অবরোধকারীরা সড়ক ও গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মিছিল করেন। সকাল আটটার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে সাংসদ নাসিম ওসমানের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।
গতকালও সাংবাদিক ও সংবাদপত্রের গাড়িতে হামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় গতকাল বিকেলে দুই বিদেশি সাংবাদিককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বরিশালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সিঅ্যান্ডবি রোডে গাছের গুঁড়ি ফেলে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে অবরোধের চেষ্টা করেন ছাত্রদলের কর্মীরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
মাগুরায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে গতকাল রাত সোয়া নয়টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। দায়িত্বরত পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে। অসাবধানতাবশত নিজেদের ছোড়া একটি গুলি পুলিশ কনস্টেবল (নম্বর ৬৮৯) আবু সুফিয়ানের (২৩) দেহে বিদ্ধ হয়। তাঁকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়।
সাতক্ষীরায় গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে, মাটির বাঁধ দিয়ে, রাস্তা কেটে ও বালুর প্রাচীর নির্মাণ করে জেলা শহরের সঙ্গে সব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন অবরোধকারীরা।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রথম আলোর ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, সাতক্ষীরা ও সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এবং নাটোরসহ সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা]