অবরোধে বাজার গরম, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের প্রভাব পড়েছে কাঁচাবাজারে। দাম বেড়েছে চাল, ডাল, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নাকাল ব্যবসায়ীরাও।
বরিশাল কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গণেশ দত্ত বলেন, হরতাল-অবরোধে পুলিশ পাহারায় পণ্যবাহী গাড়ি আসছে। কিন্তু চোরাগোপ্তা হামলার ভয়ে গাড়ির সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী পণ্য আনা যাচ্ছে না। স্বাভাবিক সময়ে এক গাড়ি মাল আনতে খরচ হতো ২৮ হাজার টাকা। অবরোধের কারণে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার টাকা। বাড়তি এই টাকা খুচরা বাজার বা গ্রাহকদের কাছ থেকেই ব্যবসায়ীদের আদায় করতে হয়।
এবার অবরোধে চোরাগুপ্তা হামলা বেড়ে গেছে। গত শনিবার রাতে বরিশাল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলা হয়েছে। এ ঘটনায় আহত হন তাঁর গাড়িচালক। সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসে দেওয়া হয় আগুন। পরদিন মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলার কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের নজরদারি থাকার পরও চোরাগোপ্তা হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ভয়ে পণ্যবাহী যানবাহন চলাচল অনেকটা কমে গেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
নগরের নতুন বাজার, বড় বাজার, সিটি মার্কেট, বাংলা বাজার ঘুরে বাড়তি দামে ব্যবসায়ীদের পণ্য বিক্রি করতে দেখা গেছে। নতুন বাজারে কথা হয় ক্রেতা সজীব আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, সব তরকারির দাম কেজিতে তিন থেকে চার টাকা বেশি দামে কিনতে হচ্ছে। জবাবে ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, পাইকারি আড়ত থেকে বেশি দামে কিনতে হয়। তাই বিক্রিও করতে হয় বেশি দামে।
এ ব্যাপারে একাধিক পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, অবরোধে প্রশাসনের কঠোর নজরদারির পরও চোরাগোপ্তা হামলা হচ্ছে। তাই পণ্য আনা-নেওয়ার ঝুঁকি বেড়েছে। সেই কারণে বেড়েছে পরিবহন ব্যয়। কাঁচাবাজারও গরম তাই।
আড়তদার ও ব্যবসায়ীরা জানান, বরিশালে কাঁচামাল আসে সাধারণত সড়ক পথে। ঠাকুরগাঁও থেকে আসে আলু, মেহেরপুর থেকে সবজি ও তরকারি। অবরোধে পণ্য পরিবহন ব্যয় দ্বিগুণ বেড়েছে। তা ছাড়া চাহিদার তুলনায় প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহও কম।
বাজার রোডের ব্যবসায়ী মো. আমজাদ হোসেন বলেন, অবরোধে গাড়ি চলাচল করলেও ঝুঁকি রয়েছে চোরাগোপ্তা হামলার। তা ছাড়া অবরোধের দোহাই দিয়ে পরিবহন সংস্থাগুলোও ভাড়া বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক সময়ে যে ট্রাকের ভাড়া ছিল ১৬ হাজার টাকা, এখন সেখানে গুনতে হচ্ছে ২৭ হাজার টাকা।
চাল ব্যবসায়ী মো. শাহাবউদ্দিন খান জানান, বরিশালের বেশির ভাগ চাল আসে কুষ্টিয়া ঝিনাইদহ, সাতক্ষীরা ও ময়মনসিংহ থেকে। কয়েক দিন আগে একটি চালবোঝাই ট্রাকে আগুন দেওয়ায় এখন কেউ চাল আনতে চায় না। দ্বিগুণ ভাড়া দেওয়ার কথা বললেও অনেকে পণ্য পরিবহনে রাজি হন না।
একই কথা জানালেন সিটি মার্কেটের কাঁচামাল ব্যবসায়ী শেখ আবদুল খালেকও। তিনি বলেন, পথে হামলার ভয়ে গাড়ি পাওয়া যায় না। তাই দ্বিগুণ ভাড়া দিয়ে পণ্য আনতে হয়। এসব কারণে পণ্যের দামও বেশি।