অবরোধে বাস ছাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। দেশের বিভিন্ন জেলা থেকেও ঢাকাগামী বাস ছাড়েনি। তবে কোনো কোনো জেলায় আন্তজেলা পর্যায়ের কিছু বাস চলেছে।

রাজধানী ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বিভিন্ন জেলা থেকেও ঢাকাগামী বাস আসেনি। তবে লোকাল বাসগুলো সীমিত পর্যায়ে চলছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীর ভেতরে যান চলাচল অনেকটা স্বাভাবিক।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, চট্টগ্রামে আজ ২০ দলের হরতাল চলছে। সকাল থেকে ঢাকাগামী ও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। আন্তজেলা পর্যায়েও কোনো বাস চলছে না। তবে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ছোট গাড়ি চলছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাতের ভাষ্য, ধর্মঘটের কারণে ভয়ে কোনো যাত্রী নেই। তাই বাস চলাচল বন্ধ।

বরিশাল থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়েনি। তবে বরিশাল থেকে মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা ও পটুয়াখালীগামী বাসগুলো ছেড়েছে। বাস মালিক পরিবহন সমিতির সভাপতি আফতাব হোসেনের ভাষ্য, যাত্রী না থাকার কারণে তাঁরা দূরপাল্লার বাস ছাড়েননি।

বগুড়া থেকেও ঢাকাগামী কোনো বাস বা দূরপাল্লার বাস ছাড়েনি। আন্তজেলা পর্যায়ের বাসগুলোও ছাড়েনি বলে খবর পাওয়া গেছে। বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ভাষ্য, বগুড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া কিছুই চলছে না। কাল থেকে পরিস্থিতি বুঝে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

যশোর থেকেও ঢাকাগামী বা দূরপাল্লার কোনো বাস চলেনি। আন্তজেলা পর্যায়ের বাসগুলোও চলেনি। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যশোর জেলার আহ্বায়ক পবিত্র কাপুরিয়া জানান, যাত্রীরা ভয়ে বের হচ্ছেন না। পরিস্থিতি বুঝে তাঁরা বাস চালানোর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।