অবরোধে বাস বন্ধ, অর্ধেক শিক্ষার্থী ক্লাসবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের শুরু থেকে রাজশাহী কলেজের বাস বন্ধ থাকায় প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারছেন না। বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন আটটি বাস দুবার আসা-যাওয়া করে। এগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী কলেজে ২৫ থেকে ৩০ হাজার শিক্ষার্থী আছেন। এর প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী কলেজের বাসে আসা-যাওয়া করেন। বাসগুলো পবা উপজেলার নওহাটা কলেজ মোড়, পুঠিয়ার হরিয়ান, বানেশ্বর ও নগরের কাশিয়াডাঙ্গা, ডিঙ্গাডোবা মোড় থেকে শিক্ষার্থী আনা-নেওয়া করে। প্রতিদিন সকাল আটটায় প্রথমবার ও নয়টায় দ্বিতীয়বার শিক্ষার্থীদের কলেজে নিয়ে আসে। এ ছাড়া ক্লাস শেষে দুপুর সাড়ে ১২টায় ও বেলা আড়াইটায় শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়। বাসগুলোতে সাধারণত আসনসংখ্যার প্রায় দ্বিগুণ শিক্ষার্থী যাওয়া-আসা করেন।
কলেজের কয়েকজন শিক্ষার্থী বলছেন, বাসের সুবিধা থাকার কারণে শহরের পাশের উপজেলা থেকে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেন। তাঁদের অনেকের পক্ষে শহরে মেস ভাড়া করে থাকা সম্ভব নয়। কিন্তু অবরোধ শুরু হওয়ার পর থেকে কলেজের বাসগুলো বন্ধ আছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে প্রতিদিন বাসে এসে কলেজে ক্লাস করেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীম রেজা। তিনি বলেন, তাঁর সামনে পরীক্ষা। এর মধ্যে ব্যবহারিক ক্লাসগুলো হচ্ছে। খুব ক্ষতি হচ্ছে দেখে কয়েক দিন ভটভটিতে গেছেন। কিন্তু এখন আর বাড়ি থেকে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না।
জেলার দুর্গাপুর উপজেলা থেকে ক্লাস করেন অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র আবদুল বারিক। তিনি বলেন, কলেজের বাস পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার বানেশ্বর পর্যন্ত আসে। তাঁরা বাড়ি থেকে অটোরিকশায় বানেশ্বরে গিয়ে কলেজের বাসে ওঠেন। বাস বন্ধ হওয়ার পর আর যেতে পারছেন না।
বারিকের যেসব সহপাঠী রাজশাহীতে মেসে থাকেন অথবা কলেজের ছাত্রাবাসে থাকার সুযোগ পেয়েছেন, তাঁরাই শুধু ক্লাস করছেন বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, আগে ক্লাসে শিক্ষার্থীদের বসার জায়গা দেওয়া যেত না। এখন অবরোধের কারণে ক্লাসের অর্ধেক বেঞ্চ ফাঁকা থাকছে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, আটটি বাসের মধ্যে একটি কলেজের নিজস্ব ও বাকি সাতটি ভাড়া করা। অবরোধের পর থেকে তাই সংগত কারণে বাস বন্ধ রাখতে হয়েছে।