অবরোধে বিচ্ছিন্ন চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল বুধবার দিনভর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। নগরের এ কে খান মোড়, কর্ণেলহাট, নিমতলা, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় এসব সংঘর্ষ হয়।
এ সময় শতাধিক গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় পাঁচটি মোটরসাইকেলসহ ছয়টি গাড়িতে। এসব কারণে গতকাল দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল।
সংঘর্ষ: সকাল নয়টার দিকে বিরোধী দলের কর্মীরা কর্ণেলহাট ও সিটি গেট এলাকায় রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে অবরোধ-সমর্থকেরা ককটেল ও পাথর ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা টিয়ার গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে। পুলিশের ধাওয়া খেয়ে অবরোধ-সমর্থকেরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। পরে সেখান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ সরে গেলে তাঁরা আবার রাস্তায় উঠে আসে। এ সময় কয়েকজন অবরোধ-সমর্থকের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়।
বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাব যোগ দেয়। কিন্তু অবরোধকারীদের কর্ণেলহাট থেকে হটানো যাচ্ছিল না। ওই সময় থেমে থেমে সংঘর্ষ চলে। অবরোধকারীরা এরই মধ্যে কর্ণেলহাট ও সিটি গেট এলাকায় আশপাশের দোকান এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এ সময়। পরে বেলা একটার দিকে অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের বিশাল একটি দল অভিযানে অংশ নেয়। কিন্তু তার পরও অবরোধ-সমর্থকদের হঠানো যায়নি। পরে বিকেল সাড়ে চারটার দিকে সড়ক থেকে তাদের হঠিয়ে দেয় পুলিশ।
এদিকে সকাল নয়টার দিকে কর্ণেলহাট থেকে কয়েক শ গজ দূরে অলঙ্কার মোড়ে বিরোধী দলের সমর্থকদের আরেকটি পক্ষ সড়ক অবরোধ করে। সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেখান থেকে ধাওয়া দিলে অবরোধ-সমর্থকেরা এ কে খান মোড়ে অবস্থান নেন। সেখান থেকে তারা একটু পিছু হটে ইস্পাহানী গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারে আগুন দেয়। এ সময় সেখানে দুই পাশের দোকান ভাঙচুর করা হয়। দুপুর ১২টার দিকে বিরোধী দলের কর্মীদের ধাওয়া করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
সিএমপির উপকমিশনার (পশ্চিম) সুজায়েত ইসলাম বলেন, পিকেটাররা যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর করেছে। ইটপাটকেল ও ককটেল নিক্ষেপও করেছে তারা।
এদিকে নগরের নিমতলা এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ অবরোধ-সমর্থকদের ধাওয়া দিলে তারা সড়কের দুই পাশে রাখা ট্রাক ও কাভার্ড ভ্যানে ভাঙচুর চালায়। পুলিশ জানায়, এ সময় অন্তত ৫০টি ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনের কাচ ভাঙচুর করে তারা।
গতকাল সকাল ১০টার দিকে নগরের ওয়াসা মোড়ে বিএনপি সমাবেশ করে। সমাবেশ থেকে ফেরার সময় কাজীর দেউড়ি এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে তিনজন আহত হয়।
মিরসরাইয়ে বাসে আগুন: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত প্রায় ১১টায় উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ডে গুলিবিদ্ধ ৪: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল সকালে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধ-সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
নুনাছড়া এলাকায় সংঘর্ষে বিজিবির সদস্য লুৎফর রহমান, পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও আনোয়ার হোসেন এবং অবরোধ-সমর্থক নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সড়ক ও সাতকানিয়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে জামায়াত-শিবিরের কর্মীদের দেওয়া প্রতিবন্ধকতা সরাতে পারেনি পুলিশ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল সন্ধ্যায় রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে কাভার্ড ভ্যান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে শান্তিরহাট এলাকায় অবরোধ-সমর্থকদের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী মিনি ট্রাক খাদে পড়ে যায়। এতে চালকসহ চারজন আহত হন।