অবরোধে বিপদে রোগীরা
লালমনিরহাট সদর হাসপাতালে গতকাল বুধবার সকালে ভর্তি হয়েছিলেন শিরিনা বেগম। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে তাঁকে রংপুরে নেওয়ার জন্য কোনো যানবাহন পাননি স্বজনেরা। বেলা দুইটায় লালমনিরহাট সদর হাসপাতালেই মৃত্যু হয় শিরিনার।
অবরোধের কারণে অনেক রোগী চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসতে পারছে না। ফলে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কম। বেশি বিপদে পড়েছে ক্যানসারের মতো বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন এমন রোগীরা। কেমো বা রেডিওথেরাপির নির্দিষ্ট দিনে তারা হাসপাতালে যেতে না পারায় থেরাপি নিতে পারছে না।
গতকাল রাজধানীর বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহির্বিভাগে রোগীর ভিড় কম। ১০টি জেলার সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, অন্য সময়ের চেয়ে এখন রোগীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁরা হাসপাতালে পৌঁছাতে পারছেন না, তাঁদের একটি অংশ হয়তো ওষুধের দোকান থেকে বা অন্য কোনো উপায়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা অবশ্যই দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতালে পৌঁছাতে পারছে না: লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের আমির হামজার স্ত্রী শিরিনা বেগম শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে গতকাল সকাল ১০টায় সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স আগেই রংপুরে রোগী নিয়ে গিয়েছিল। শিরিনার ভাই বলেন, তাঁরা মাইক্রোবাস বা অন্য যানবাহনে রোগীকে নিতে চেয়েছিলেন। কিন্তু অবরোধের কারণে যানবাহনের চালক রংপুর যেতে রাজি হননি। বেলা দুইটার দিকে সদর হাসপাতালেই শিরিনা মারা যান।
৩ ডিসেম্বর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া গ্রামের মো. আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অবরোধের কারণে তাঁকে সাতক্ষীরা নেওয়া যায়নি বলে জানান তাঁর স্বজনেরা। ৪ ডিসেম্বর সকালে আলাউদ্দিন মারা যান।
একই ঘটনা ঘটে কলারোয়া উপজেলার খোর্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের ক্ষেত্রে। গত ২৬ নভেম্বর দুর্বৃত্তদের কোপে জখম মাহমুদুরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর ভাই আমানউল্লাহ জানান, চিকিৎসকদের পরামর্শে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কলারোয়া-সাতক্ষীরা সড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে এবং জায়গায় জায়গায় সড়ক কেটে রাখায় আধা ঘণ্টার পথ কয়েক ঘণ্টা ঘুরে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মাহমুদুর মারা যান।
রোগী কমেছে: রাজধানীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে দেখা যায়, কেমো ও রেডিওথেরাপি নেওয়ার রোগীর চাপ কম। অথচ স্বাভাবিক সময়ে এমন রোগীর দীর্ঘ সারি থাকে। সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। কারণ, সারা দেশের অনেক রোগী এখানে আসে। থেরাপির তারিখ পেতে অনেক অপেক্ষা করতে হয় রোগীদের।
অথচ গতকাল এই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অবরোধ শুরুর পর মেডিকেল অনকোলজি বিভাগে ৩০ শতাংশ রোগী অনুপস্থিত থাকছে।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা বলেন, ঠিক সময়ে কেমো বা রেডিয়েশন থেরাপি দেওয়া না হলে রোগ বাড়ে, জীবনের ঝুঁকি বাড়ে। চিকিৎসার খরচও অনেক বেড়ে যায়।
বেলা সাড়ে ১১টায় জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ অনেকটাই ফাঁকা। রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় বেশি। বেলা দুইটা পর্যন্ত এখানে রোগী এসেছিল ২৬৪ জন। ঠিক এক মাস আগে ১৮ নভেম্বর রোগী এসেছিল ৪৩১ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হরতাল-অবরোধে রোগী অর্ধেক কমে এসেছে।
এর পাশেই জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। অন্য সময় এই প্রতিষ্ঠানের বহির্বিভাগে দৈনিক প্রায় ১০০ রোগী আসে। এখন রোগী অর্ধেক। একই অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে।
অবরোধের কারণে হাসপাতালের পাশাপাশি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী কমেছে। বিশিষ্ট মনোরোগ চিকিৎসক মোহিত কামাল প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বা ঢাকার আশপাশের রোগীরা চেম্বারে আসছে। দেশের অন্যান্য এলাকা থেকে রোগী আসতে পারছে না।’
একই কথা বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, হাসপাতাল ও চেম্বারে রোগী কমেছে। শীতকালে রোগীর চাপ কিছুটা কম থাকে। তবে রোগী অর্ধেক কমে যাওয়ার মূল কারণ হরতাল-অবরোধ।
গতকাল রাউজান থেকে হূদেরাগে আক্রান্ত বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনতে অনেক ঝক্কি পোহাতে হয় শামসুল আলমকে। সিএনজিচালিত অটোরিকশায় লাল পতাকা লাগিয়ে আসতে হয়েছে। তার পরও এক জায়গায় অটোরিকশা আটকান অবরোধকারীরা। শামসুল আলম বলেন, ‘অটোরিকশাও আসতে চায়নি। অনেক ভয়ে ভয়ে আসতে হয়েছে।’
শামসুল আলম বাবাকে নিয়ে এলেও পথের ঝক্কি ও আতঙ্কের কারণে অনেকে হাসপাতালে আসতে সাহস পাচ্ছেন না। গতকাল প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, রাজশাহী ও বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, লালমনিরহাট জেলা সদর হাসপাতালের পরিস্থিতি দেখেছেন। এসব হাসপাতালের পরিচালক বা তত্ত্বাবধায়ক জানিয়েছেন, হরতাল-অবরোধের কারণে রোগী কমেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে দুই হাজার রোগী ভর্তি থাকে। গত কয়েক দিনে এ সংখ্যা গড়ে আড়াই শ কমেছে। হাসপাতালের উপপরিচালক শেখ সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘নেহাতই যাঁরা না এসে পারছেন না, জরুরি রোগী, তাঁরাই আসছেন।’
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু হানিফ বলেন, হাসপাতালে রোগী আসা ৪০ শতাংশ কমেছে। সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ নভেম্বর অবরোধ শুরুর আগে গড়ে ২৭০ জন রোগী ভর্তি থাকত, এখন থাকে ২০০ জন। বহির্বিভাগে গড়ে এক হাজার ২০০ রোগী আসত, এখন আসছে ৪০০-৫০০।
কক্সবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কাজল কান্তি বড়ুয়া জানান, ৩০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি থাকত দেড় শতাধিক রোগী। গতকাল ছিল ৩৬ জন।
বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি থাকে গড়ে ২৩০ জন। এখন থাকছে ৫০ জনের মতো। ওই হাসপাতালের সহকারী অধ্যাপক রেজাউল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বা সহিংসতার শিকার মানুষই এখন ভর্তি হচ্ছে বেশি।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজার এবং লালমনিরহাট, গাইবান্ধা ও বগুড়া প্রতিনিধি]