অবরোধে বিপাকে কলা ব্যবসায়ীরা
টানা অবরোধের কারণে খাগড়াছড়ির কলাচাষিরা বিপাকে পড়েছেন। বাগানে কলা পাকলেও তুলতে পারছেন না চাষিরা। কারণ, বাজারে কলা নেওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। কোনোভাবে নিয়ে গেলেও মিলছে না ক্রেতা।
খাগড়াছড়ি জেলা সদরের সাপ্তাহিক হাট বৃহস্পতিবার। তবে বুধবার ও বৃহস্পতিবার কলার বাজার বসে। প্রতি সপ্তাহে খাগড়াছড়ি বাজার থেকে ২৫-৩০ ট্রাক কলা দেশের বিভিন্ন জেলায় যায়। অবরোধের কারণে দুই সপ্তাহ ধরে কলার বাজার ফাঁকা।
খাগড়াছড়ি সদর থেকে চার কিলোমিটার দূরের আঘবাড়ী এলাকার কলা ব্যবসায়ী সুরঞ্জন চাকমার সঙ্গে কথা হয় গত বুধবার সকালে। তিনি বলেন, আঘবাড়ী ও এর আশপাশের এলাকার বিভিন্ন বাগান থেকে তিনি কলা সংগ্রহ করে খাগড়াছড়ি বাজারে নিয়ে যান। সেখানে অন্য জেলা থেকে আসা ব্যবসায়ীদের কাছে তিনি কলা বিক্রি করেন। অবরোধের কারণে গত দুই সপ্তাহ ব্যবসা বন্ধ রাখতে হয়েছে।
ব্যবসায়ী ত্রিজয় ত্রিপুরা বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় তিনি চাষিদের কাছ থেকে কলা কিনছেন না। বুধবার বিকেলে ও বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির কলার বাজার জমজমাট হয়ে ওঠে। কিন্তু গত বুধবার কলার বাজার ছিল ফাঁকা।
খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সদস্য সুরুজ মিয়া বলেন, অবরোধের কারণে সব ট্রাক টার্মিনালে রাখা হয়েছে।