অবরোধে বিপাকে ঘাটশ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা
টানা অবরোধ ও হরতালের কারণে তেমন গাড়ি না আসায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট এখন অনেকটাই ফাঁকা। তাই কাজ না থাকায় ঘাটে নিয়োজিত পাঁচ শতাধিক শ্রমিক অর্থসংকটে পড়েছেন।
শ্রমিক ছাড়াও বেহাল অবস্থায় আছেন ঘাটের ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘাটের দুই পাশে খাবারসহ নানা রকম পণ্য বেচে জীবন চলে তাঁদের। কিন্তু টানা অবরোধে তাঁদেরও বেচাকেনা কম।
দৌলতদিয়া লঞ্চঘাটের তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার যানবাহন পারাপার হয়। যানবাহনের সঙ্গে কয়েক হাজার যাত্রীও প্রতিদিন পারাপারের জন্য ফেরি ও লঞ্চঘাট ব্যবহার করেন। নৌযান পারাপার নির্বিঘ্ন করতে ঘাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ শতাধিক শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাঁরা বিভিন্ন স্থান থেকে আসা দূরপাল্লার বাসসহ পণ্যবাহী গাড়ির জন্য ফেরির টিকিট কাটাসহ বিভিন্ন কাজ করে থাকেন। গাড়ির চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনে জানান ঘাটের সার্বিক পরিস্থিতি। দিন শেষে যা পান, তা দিয়ে পরিবার নিয়ে কোনোরকমে বেঁচে থাকেন।
ট্রাক পারাপারে নিয়োজিত শ্রমিক শাজাহান বিশ্বাস ও নুরুল আলম বলেন, প্রতিদিন ট্রাক আর গাড়ি পারাপারে সহযোগিতা করার বিনিময়ে একেকজন শ্রমিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করতেন। কিন্তু এখন গাড়ি না আসায় তাঁদের রোজগার অনেকটা বন্ধ হওয়ার পথে।
দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাটে কথা হয় ডিম বিক্রেতা শেখ ইমান আলীর (৫০) সঙ্গে। তিনি বলেন, স্ত্রী আর চার ছেলেমেয়ের সংসার নির্ভর করে শুধু তাঁর রোজগারের ওপর। আগে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হতো। এখন দিনে ১০০ টাকাও আয় হয় না। গতকাল বুধবার খুব সকালে তিনি ঘাটে এলেও কয়েক ঘণ্টায় মাত্র একটি ডিম বিক্রি করতে পেরেছেন। যাত্রীবাহী পরিবহন না থাকলে বেচাকেনা হয় না বললেই চলে। অথচ ছোট্ট ছেলের জন্য বিদ্যালয়ের পোশাক দরকার। পোশাক না থাকায় শিক্ষকেরা শ্রেণিতে ঢুকতে দেন না।
ঝালমুড়ি বিক্রেতা সবুজ মণ্ডল (২৫) বলেন, প্রতিদিন তিনি যে টাকা রোজগার করতেন, তা দিয়ে সংসার মোটামুটি ভালোই চলত। কিন্তু অবরোধ ও হরতালের কারণে প্রায় এক মাস ধরে বেচাকেনা নেই। এখন সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, অবরোধ-হরতালের কারণে ঘাট এলাকার কয়েক শ শ্রমিক পরিবারের অন্তত দুই হাজার সদস্যের দুরবস্থার কথা কেউ ভাবছেন না। এভাবে হরতাল না দিয়ে বিকল্প চিন্তা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।