অবরোধে বোমাবাজি অ্যাম্বুলেন্স ভাঙচুর
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বগুড়া, শেরপুর, সিরাজগঞ্জ ও নাটোরে নাশকতা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সিরাজগঞ্জ ও শেরপুরে অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সিরাজগঞ্জে পুলিশের ছোড়া রাবার বুলেটে একজন আহত হয়েছেন। বগুড়ার কাহালু প্রেসক্লাবে হামলা চালানো হয়েছে। এতে দুই সাংবাদিক আহত হয়েছেন। বগুড়া শহরের বিভিন্ন সড়কে অর্ধশত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমা হামলা হয়েছে বগুড়ার সাংসদ আবদুল মান্নানের বাসায়। নীলফামারীতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধে গত বুধবার শেরপুর শহরে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। লালমনিরহাটের পাটগ্রামে এক বিএনপি নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন ওই দলের নেতা-কর্মীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: গতকাল বেলা দেড়টার দিকে শহরের বাহিরগোলা খাদেমেরপুল এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা মিছিল বের করেন। এ সময় সেখানে পুলিশের একটি পিকআপ পৌঁছালে সেটি লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। এ সময় জামায়াত-বিএনপি ও পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে রুবেল (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী আহত হন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদগঞ্জ মহল্লার আবদুল হামিদ সরকারের ছেলে।
বগুড়া: গতকাল বগুড়া শহরকে অনেকটা অবরুদ্ধ করে রাখেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা সড়ক-মহাসড়কে লাঠিসোটা, তির-ধনুক, পেট্রলবোমা, হাতবোমা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিয়েছেন। শহরের ইয়াকুবিয়া মোড়, সেউজগাড়ি আমতলা মোড়, স্টেশন সড়কসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও বৈদ্যুতিক খুঁটি ফেলে বগুড়াকে সারা দেশ থেকে একরকম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জামায়াত-শিবির কর্মীরা কাহালু প্রেসক্লাবে হামলা চালিয়েছেন। এ সময় স্থানীয় দৈনিক মুক্তসকালের সাংবাদিক মনসুর রহমান ও দৈনিক ভোরের ডাক-এর সাংবাদিক আবদুল মতিনকে পিটিয়ে আহত করা হয়।
জামায়াত-শিবিরের কর্মীরা ক্ষমতাসীন দলের সাংসদ আবদুল মান্নানের বাসায় পেট্রলবোমা ছুড়ে আগুন দিয়েছেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের ওই সাংসদের বগুড়া শহরের চকলোকমান এলাকার বাসায় পেট্রলবোমা ছোড়া হয়।
নাটোর: বুধবার রাতে নাটোর-পাবনা ও নাটোর-ঢাকা মহাসড়কের বেশকিছু গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। গতকাল সকালে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী নাটোর শহরের মাদ্রাসামোড় থেকে লাঠি মিছিল বের করেন। মিছিল থেকে শহরের কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। কাদের মোল্লার মুক্তির দাবিতে তিন দিন ধরে গাছের গুঁড়ি ও ইট-পাথর ফেলে রেখে অবরোধকারীরা নাটোর-ঢাকা, নাটোর-বগুড়া ও নাটোর-রাজশাহী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন।
পাটগ্রাম (লালমনিরহাট): গত ৪ নভেম্বর হরতাল চলাকালে নিহত পাটগ্রাম পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির উদ্দিনের (২২) কুলখানির বিষয়ে কথা বলতে গত বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হামজা মোটরসাইকেলে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধানকে নিয়ে সোহাগপুরে যান। এ সময় সোহাগপুর মোড়ে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামানের নেতৃত্বে আমির হামজার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাটগ্রাম পৌর বিএনপির নেতা মোস্তফা সালাউজ্জামান বলেন, ‘আমরা হরতাল-অবরোধ করি, আর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তা না করে নিজেই মোটরসাইকেল চালান। তাই ক্ষুব্ধ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।’
শেরপুর (বগুড়া): গতকাল দুপুর থেকে শেরপুর এলাকার মির্জাপুর আমবাগান থেকে ছোনকা বাজার এবং মহিপুর থেকে গাড়িদহ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অবরোধ করে রাখা হয়। পরে অবরোধকারীরা বেশ কিছু গাছ ও টায়ারে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন।
বুধবার রাত সাতটায় শহরের ধুনট রোড এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় স্থানীয় একটি মার্কেটের সামনে এবং রাত সাড়ে ১০টায় শহরের নবমী সিনেমা হল আবাসিক এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
দিনাজপুর: গত মঙ্গলবার থেকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের ভুসিরবন্দর থেকে চম্পাতলী পর্যন্ত ১৫ কিলোমিটার, রানীরবন্দর থেকে চিরিরবন্দর সড়কের ঘণ্টাঘর পর্যন্ত পাঁচ কিলোমিটার, রানীরবন্দর থেকে খানসামা সড়কের পাকেরহাট পর্যন্ত ১২ কিলোমিটার এবং পাকেরহাট থেকে পশ্চিমে বোর্ডহাট পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় গাছ কেটে অবরোধ করে রাখা হয়েছে।
নীলফামারী: জামায়াত-শিবির কর্মীরা গতকাল সন্ধ্যায় জলঢাকা-ডোমার ডিমলা সড়কের সাইডনালা বাজারে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা গাছের গুঁড়ি ফেলে ওই সড়কের বিভিন্ন স্থান অবরোধ করে রেখেছেন।
লালপুর (নাটোর): বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া বাজারে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আনেজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুরের মুঠোফোনের দোকান, রেজাউলের হার্ডওয়্যার ও বুলবুলের মুঠোফোনের দোকানে ভাঙচুর চালান। অপর দিকে জামায়াত-শিবির কর্মীরা ইসমাইলের মুদি দোকান, দিলীপের স্বর্ণের, মকবুলের চালের, কাজলের ফলের, আলমের চায়ের দোকানে ভাঙচুর চালান।