অবরোধে ব্যস্ত পুলিশ, ফাঁকে মাদক ব্যবসা রমরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বিভিন্ন মহল্লায় অবাধে কেনাবেচা হচ্ছে ভারতীয় ফেনসিডিলসহ নানা ধরনের মাদক। সান্তাহারের ইয়ার্ড কলোনি, চা-বাগান, রথবাড়ী, আমবাগান, সাহেবপাড়াসহ বসুন্ধরা বস্তির শতাধিক ব্যবসায়ী ফেনসিডিল ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, এ মাদক ব্যবসার সঙ্গে পুলিশ সরাসরি সম্পৃক্ত। আর পুলিশ বলছে, প্রতিনিয়ত তাদের হরতাল ও অবরোধের দায়িত্ব পালন করতে হচ্ছে। এ কারণে তারা অন্যদিকে খেয়াল রাখতে পারছে না।
এলাকার অনেকে জানান, সান্তাহার রেলওয়ে জংশন হওয়ায় প্রতিদিন হিলি সীমান্ত দিয়ে ট্রেনে করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সান্তাহারে আসছে। ট্রেন থেকে এসব মাদকদ্রব্য নিয়ে যাওয়া হয় বিভিন্ন বস্তি ও মহল্লায়। পরে এসব মাদকদ্রব্যের কিছু স্থানীয়ভাবে বিক্রি করা হয়। আর বাকিটা পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়। পরে পাইকারি মাদক বিক্রেতারা এসব মাদক নওগাঁসহ বিভিন্ন এলাকায় নিয়ে যান।
এলাকার অনেকে অভিযোগ করেন, এলাকাবাসীর সামাজিক প্রতিরোধের মুখে সান্তাহার শহরের মাদক ব্যবসা অনেকাংশে বন্ধ হয়ে যায়। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় আবারও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য কেনাবেচা করছে।
বর্তমানে শহরের চা-বাগান মহল্লার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী শাহানা, রহিমা, সুজন, ঝরনা, বসুন্ধরা বস্তির অপুন, জুয়েল, ঝরনা-২, আলসা, শামিম, লোকো কলোনির বৃত্তি, ঈদগাহ মাঠ এলাকার কানা বাবুসহ শতাধিক মাদক ব্যবসায়ী এই পেশায় জড়িত।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদক ব্যবসায়ী জানান, প্রত্যেক মাদক ব্যবসায়ীকে পুলিশসহ বিভিন্ন মহলকে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিতে হয়। সান্তাহার পুলিশের পক্ষে টাকা তোলার কাজ করেন সুনিল নামের পুলিশের এক তথ্যদাতা। প্রায় বন্ধ হয়ে যাওয়া মাদক ব্যবসা নতুন করে শুরু হওয়ায় শহরের সচেতন অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সান্তাহার নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মোসলেম উদ্দীন আক্ষেপ করে বলেন, ‘অনেক কষ্ট ও সংগ্রাম করে জনগণের সহযোগিতায় সান্তাহার শহরের মাদক ব্যবসা প্রায় বন্ধ করে এনেছিলাম। কিন্তু আবারও এটা শুরু হওয়ায় আমরা আতঙ্কিত ও শংকিত। তিনি এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও হস্তক্ষেপ কামনা করেন।’
সান্তাহার স্টেশন এলাকার ব্যবসায়ী মাসুদ ইসলাম জানান, সন্ধ্যার পর ফেনসিডিলে আসক্ত ব্যক্তিদের কারণে আশপাশের চায়ের দোকানে চা পান করতে যাওয়া যায় না। কারণ, এসব দোকান মাদকসেবীদের দখলে থাকে। ফেনসিডিলে আসক্ত যুবকেরা প্রকাশ্যে চায়ের দোকান, রেললাইনের ওপরসহ আশপাশের রাস্তায় দাঁড়িয়ে ফেনসিডিল সেবন করলেও পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
সান্তাহার পৌরসভার কাউন্সিলর আবদুল কুদ্দুস অভিযোগ করে বলেন, শহরের মালগুদাম মসজিদের চারপাশে গভীর রাত পর্যন্ত মাদকসেবীরা অবাধে মদপান করে। এতে মুসল্লিদের চরম বিপাকে পড়তে হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন। অচিরেই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। কোনো পুলিশ এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে হরতাল ও অবরোধের কারণে তাঁরা অন্যদিকে তেমন মনোযোগ দিতে পারছেন না।