অবরোধে ভাগ্য নষ্ট টমেটোচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের টানা অবরোধে ভাগ্য পুড়েছে বগুড়ার ধুনটের টমেটোচাষিদের। ২ হাজার ৮০০ টাকার টমেটো এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। অতিরিক্ত লাভের আশায় এখন লোকসানের খাতায় হিসাব মেলাতে পারছেন না টমেটোচাষিরা।
উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার কৃষক ২৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করেন। গত বছরের চেয়ে এবার দ্বিগুণ টমেটোর চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম, লাভ বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ওষুধ ছাড়াই ফলন ভালো হয়েছে।
গত সোমবার সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি টমেটোর হাটে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকেরা প্রথম দিকে ভালো দামে টমেটো বিক্রি করেছেন। কিন্তু টানা অবরোধে তাঁদের সব হাসি যেন কান্নায় পরিণত হয়েছে।
পাঁচ-ছয়জন কৃষক জানান, এ বাজার থেকে আগে ব্যবসায়ীরা প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। এ কারণে তাঁরা দাম বেশি পেয়েছেন। এখন অবরোধের কারণে মালামাল পরিবহনের সমস্যায় বাইরের ব্যবসায়ীরা এই বাজারে আর আসছেন না। ফলে স্থানীয় ব্যবসায়ীরা কম দামে মাত্র ২০ থেকে ২৫ ট্রাক টমেটো ক্রয় করছেন। বাজারে ক্রেতা না থাকায় টমেটোচাষিরা এখন লোকসানের মুখে পড়েছেন।
পাঁচথুপি গ্রামের টমেটোচাষি রফিকুল ইসলাম বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে টমেটো চাষ করে সব খরচ বাদ দিয়ে এক লাখ টাকা লাভ হয়েছে। সে আশায় এ বছর তিন বিঘা জমিতে টমেটোর চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় গত বছরের তুলনায় এ বছর খরচ কম হয়েছে। কোনো প্রকার কীটনাশক দিতে হয়নি। ফলনও ভালো হয়েছে। প্রথম দিকে লাভের মুখ দেখতেছিলাম। হঠাৎ করে অবরোধে ক্রেতা না থাকায় দাম পড়ে গেছে।’
ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ‘এই বাজার থেকে প্রথম দিকে প্রতি মণ টমেটো প্রায় তিন হাজার টাকায় ক্রয় করা হয়েছে। অবরোধের কারণে মালামাল পরিবহনের সমস্যার জন্য বাইরের ব্যবসায়ীরা বাজারে আসছেন না। আমরা কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে টমেটো কিনে বাহিরে নিয়ে যাচ্ছি। ট্রাক ভাড়া দ্বিগুণ বেড়ে যাওয়ায় কম দামে টমেটো কিনতে হয়।’
ট্রাকচালক মোহাম্মদ জিন্নাহ বলেন, অবরোধের আগে ঢাকা পর্যন্ত ১০ হাজার টাকা ট্রাক ভাড়া ছিল। জীবনের ঝুঁকি ও পথ খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধি করে এখন ২২ হাজার টাকা নিতে হয়। সারা দিন বাজারে বসে থেকে সন্ধ্যায় ছেড়ে যেতে হয়।