অবরোধে ভোগান্তিতে মানুষ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার কমসংখ্যক যানবাহন চলাচল করায় দুর্ভোগের শিকার হন সাধরণ মানুষ। কুমিল্লা ও ময়মনসিংহ থেকে কিছু যানবাহন ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলার উদ্দেশে ছেড়ে গেলেও যাত্রীদের গুনতে হয়েছে দ্বিগুণের বেশি ভাড়া। তা ছাড়া আতঙ্ক তো ছিলই।
অবরোধের কারণে গতকাল কুমিল্লার তিনটি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে আন্তজেলা ও উপজেলাগুলোতেও বাস চলাচল করেনি।
সরেজমিনে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার থেকে আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকা পর্যন্ত ঘুরে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কের নন্দনপুর, জাগুরঝুলি ও আলেখারচর এলাকায় পণ্যবাহী চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান চলতে দেখা গেছে। এ ছাড়া সংযোগ সড়ক থেকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে মহাসড়কে দেখা গেছে।
দুপুর ১২টার পর শাসনগাছা, আশ্রাফপুর ও চকবাজার বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসগুলো ঠায় দাঁড়িয়ে। কাজ না থাকায় বাসচালক ও শ্রমিকেরা বসে লুডু খেলছেন।
দুপুর সাড়ে ১২টায় শাসনগাছা বাস টার্মিনালে ঢাকাগামী তিশা ও এশিয়া লাইন কাউন্টারে জনা বিশেক যাত্রীর জটলা দেখা গেছে। তাঁদের একজন আলী আশরাফ। গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। বললেন, ‘ছুটি শেষ। ঢাকা যাব। কিন্তু কোনো বাস পাচ্ছি না। হেঁটেই রওনা দিয়েছি। অটোরিকশা, রিকশা যা কিছু হোক ধরে ভেঙে ভেঙে ঢাকায় যাব।’
আশ্রাফপুর বাস টার্মিনালে কথা হয় বরুড়া উপজেলার নলুয়া গ্রামের ফরিদ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল আটটা থেকে বাসের জন্য বসে আছি। কোনো বাস ছাড়ছে না। অটোরিকশার তিন গুণ ভাড়া চায়।’
কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা ও কুমিল্লা থেকে বরুড়াগামী বলাকা পরিবহনের মালিক আলী মনসুর ফারুক বলেন, ‘ঝুঁকি নিয়ে বাস চালাতে চাই না।’
ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের মালিক ও বাস মালিক ফেডারেশন কুমিল্লার অতিরিক্ত মহাসচিব জলিশ আবদুর রব বলেন, ‘নাশকতার ভয়ে তিন দিন ধরে বাস চালাচ্ছি না আমরা। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাস নামিয়েছিলাম। এখন অবরোধে কী হবে আল্লাহই জানেন।’
অবশ্য অবরোধের প্রথম দিনে গতকাল ময়মনসিংহ থেকে কিছু যানবাহন ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার উদ্দেশে ছেড়ে গেছে। তবে যাত্রীদের গুনতে হয়েছে দ্বিগুণের বেশি ভাড়া। গতকাল দুপুরে চরপাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এগুলো ত্রিশাল, ভালুকা, হালুয়াঘাট উপজেলায় যাবে। কিন্তু ভাড়া হাঁকা হচ্ছে বাসের চেয়ে তিন গুণ বেশি।
আবুল হাসেম নামের একজন বৃদ্ধ বলেন, তিনি সকালে রোগী দেখতে অটোরিকশায় ১০০ টাকা ভাড়া দিয়ে ভালুকা থেকে এসেছিলেন। ফেরার পথে ভাড়া চাচ্ছে ১৫০ টাকা। এত টাকা তাঁর কাছে নেই। তাই প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন।
বেলা আড়াইটায় মাসকান্দা টার্মিনালে দেখা যায়, গাজীপুর পর্যন্ত যেতে একটি লোকাল বাসে যাত্রী তোলা হচ্ছে। বাসচালক কাঞ্চন মিয়া বলেন, প্রতি যাত্রীর কাছ থেকে ২৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। তবে গাজীপুর পর্যন্ত প্রকৃত ভাড়া ১২০ টাকা।
বাসযাত্রী শিউলি আক্তার বলেন, তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন। গত শুক্রবার তিনি চার বছরের বাচ্চাকে এক স্বজনের কাছে রেখে জরুরি প্রয়োজনে দুই দিনের ছুটি নিয়ে এসেছিলেন। ছুটি শেষ। বাচ্চাও কান্নাকাটি করছে। তাই তিনি জীবনের ঝুঁকি নিয়ে দ্বিগুণের বেশি ভাড়া দিয়েই রওনা হয়েছেন।
চালক কাঞ্চন মিয়া বেশি ভাড়া আদায় করা নিয়ে বলেন, ‘আমরাও তো জীবনের ঝুঁকি নিয়ে এই অবরোধে গাড়ি বের করেছি।’