অবরোধে মতলবের ষাটনলে পর্যটক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ এবং কয়েক দিনের হরতালের কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীসংলগ্ন প্রস্তাবিত ‘ষাটনল পর্যটনকেন্দ্রে’ লোকসমাগম নেই। প্রতিবছর শীতের শুরু থেকে এখানে দর্শনার্থীদের ভিড় থাকলেও এবার এখানে বিপরীত চিত্র।

গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই পর্যটনকেন্দ্রে অবস্থান করে দেখা গেছে, পর্যটনকেন্দ্রের মাঠে বিচরণ করছে গবাদিপশু। কেন্দ্রের ভেতর ও আশপাশ ফাঁকা। ষাটনল লঞ্চঘাটেও পর্যটক বহনকারী কোনো লঞ্চ ভেড়েনি।

উপজেলার ষাটনল গ্রামের বাসিন্দা মো. শান্ত (৩০) জানান, অবরোধ শুরুর আগে এখানে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লঞ্চে শত শত লোক আসত। প্রতিদিন চার-পাঁচটি বড় লঞ্চ বোঝাই করে লোক আসত। শুক্রবারে লোকের সমাগম বেশি হতো। অবরোধের কারণে এখন লোকজন আসে না।

ষাটনল বাজারের চা-বিক্রেতা আতিকুল ইসলামের ভাষ্য, ‘হরতাল-অবরোধ সব ঝামেলা পাকাইছে। আগে প্রত্যেক শুক্রবার এনো অনেক মানুষ আইত। মাইনষের ভিড়ে জাগাডা গরম থাকত। বেশির ভাগ লোক আইত লঞ্চে কইরা। চা-ও বিক্রি করতাম এক-দেড় হাজার কাপ। এহন কেউ আসে না। আমার চা-বেচাও কম। হোটেলগুলায়ও খাওন বিক্রি কম।’

ষাটনল গ্রামের কলেজছাত্র মো. শাহাদাত হোসেন বলেন, আগে শীতে এখানে বিদেশি লোকেরাও আসত। তাঁরা ফুটবল-ক্রিকেট খেলে, নদীতে গোসল করে, দৌড়-ঝাঁপ দিয়ে সারা দিন কাটাত। সন্ধ্যায় চলে যেত যার যার ঠিকানায়। এবার অবরোধের কারণে সব বন্ধ।

ওই গ্রামের গৃহবধূ শাহিনুর আক্তার বলেন, ‘শীতের সুম প্রতিবার এনো অনেক লোক আইত। হেগো রান্না-বান্না কইরা দিয়া কিছু টেয়াও কামাইতাম। এইবার হেগো দেহি না। হুনছি, হরতালের লইগা হেরা আসতে পারে না।’

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার হান্নান মিজি বলেন, ‘অবরোধে খুব কম লঞ্চই এখানে আসে। বিনোদনের জন্য লঞ্চে করে লোকেরাও আসতে পারে না। লঞ্চ এবং যাত্রী কম আসায় আমাদের আয়ও কমে গেছে।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, রাজনৈতিক অস্থিরতার কারণেই এবার এখানে লোক আসতে পারে না। অবরোধ-হরতাল উঠে গেলে লোকসমাগম শুরু হবে। বিনোদনের জন্য এটি একটি চমৎকার জায়গা।