অবরোধে মাঠের আধিপত্য নিয়ে বিএনপিতে সংঘর্ষ
রাজশাহীর তানোরে অবরোধের মাঠে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী মহানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় এক পক্ষের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে সকাল সাড়ে নয়টার দিকে তানোর বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের অনুসারী উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক নেতা-কর্মীদের নিয়ে উপজেলার গোল্লাপাড়া বাজারে অবস্থান নেন।
এ সময় তানোর বিএনপির সভাপতি এমরান আলী মোল্লার নেতৃত্বে উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান তাঁর অনুসারীদের নিয়ে থানা মোড় থেকে অবরোধের পক্ষে একটি মিছিল নিয়ে গোল্লাপাড়া বাজারের দিকে যান। সেখানে উভয় পক্ষের কাছেই লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ছিল। তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালেকের পক্ষের লোকজনকে বেধড়ক লাঠিপেটা করে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, এমরান আলীর সমর্থকেরা ঘটনার আধা ঘণ্টা পর জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে থানা মোড়ে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। দুপুর ১২টার দিকে তাঁরা উপজেলা ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। এতে তানোর উপজেলা বিএনপির সভাপতি এমরান আলী মোল্লা, সহসভাপতি আবদুর রহিম মোল্লা, মোজম্মেল হক খান, তানোর পৌর বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকার প্রমুখ বক্তব্য দেন।
মহানগরে গতকাল অবরোধের সমর্থনে একই সময় জেলা বিএনপি ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক মিছিল বের করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ও র্যাব জেলা বিএনপির মিছিলে বাধা দেয়।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, নগরের ফায়ার সার্ভিস মোড় থেকে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। একই সময় কাদিরগঞ্জ মোড় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ১৮ দলের নেতা-কর্মীরা পৃথকভাবে মিছিল বের করেন। দুটি মিছিলই মণি চত্বরের দিকে যাচ্ছিল। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জেলা বিএনপির মিছিলটিকে রাজশাহী কলেজের সামনে থেকে ফিরিয়ে দেওয়া হয়।