অবরোধে মোটরসাইকেলে ঘুরছেন জোট নেতা

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট হরতাল-অবরোধসহ নানা আন্দোলন করছে। সেই আন্দোলনের অংশ হিসেবে গত শনিবার সকাল ছয়টা থেকে কাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ৮৩ ঘণ্টার অবরোধ ডেকেছে জোট। জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে গাড়ি ও মোটরসাইকেল চালালে ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করছেন জামায়াত-শিবিরসহ জোটের নেতা-কর্মীরা।
অথচ চলমান সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যেই জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতাকে আজ সোমবার মোটরসাইকেল চালিয়ে রাজশাহী নগরে ঘুরতে দেখা গেছে। আজ সকাল নয়টার দিকে রাজশাহী শহরের জিরো পয়েন্ট এলাকায় মোটরসাইকেল চালান জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের রাজশাহী মহানগরের সভাপতি আবদুস সামাদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের সেক্রেটারি।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আড়াই বছর ধরে আন্দোলন করছে জোটটি। কিন্তু এই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পারায় জোটের মধ্যেই ক্ষোভ রয়েছে।