অবরোধে যাত্রীদের ভোগান্তি
বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোট গতকাল রোববার সারা দেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। চাকরিজীবী ও সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা দিয়ে রিকশা ও হিউম্যান হলারে করে গন্তব্যে পৌঁছাতে হয়।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: ১৮ দলের নেতা-কর্মীরা ভোরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। তাঁদের বাধার কারণে তেমন কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। কিছু রিকশা ও হিউম্যান হলারে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করেছে লোকজন।সাভার: নেতা-কর্মীরা গতকাল ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অবস্থান নিয়ে রাজধানীর প্রবেশপথ বন্ধ করে দেন। এর আগেই ভোর চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশাসহ রিকশা চলাচল অব্যাহত থাকে। বিভিন্ন কারখানার শ্রমিক ও চাকরিজীবী লোকজন রিকশা, ভ্যানসহ ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করতে থাকেন। এ সময় ধামরাইয়ের ইসলামপুর, আশুলিয়ার নয়ারহাট, নবীনগর, বাইপাইলসহ সাভারের সাভার বাজার বাসস্ট্যান্ড, থানা স্ট্যান্ড ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে শত শত লোক আটকা পড়ে।