অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ

১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল রোববার অবরোধ-সমর্থকদের দেওয়া আগুনে পটুয়াখালীতে দুজন দগ্ধ হয়েছেন। ফরিদপুরে পেট্রলবোমা হামলায় ট্রাকচালক দগ্ধ হয়েছেন। মাগুরায় নির্বাচন কার্যালয়ে ককটেল হামলায় পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
সাতক্ষীরা জেলা শহরের সঙ্গে সব উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিকেটাররা। মংলায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: শনিবার রাত সাড়ে নয়টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর দরবার শরিফসংলগ্ন সড়কে অবরোধকারীরা একটি অটোবাইকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে আবদুস সত্তার (৭০) নামে এক ব্যক্তির শরীরের অধিকাংশই ঝলসে যায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আতাউর রহমান (৪২) নামে আরেকজন দগ্ধ হন। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুর: শহরের হরিসভা এলাকায় গত শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি খালি ট্রাকের ওপর পেট্রলবোমা মারা হয়। এতে ট্রাকের চালক ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের বায়তুল আমান এলাকার মেহেদী হাসান (৩৮) দগ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহরের আলীপুর সেতুর কাছে রাত নয়টার দিকে সারবোঝাই একটি ট্রাক পিকেটাররা ভাঙচুর করে। এ সময় ইটের আঘাতে আহত হন ট্রাকের চালক ওমর মৃধা ও তাঁর সহকারী লতিফ শেখ।
মাগুরা: গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুষ্কৃতকারীরা মাগুরা শহরের জেলা নির্বাচন কার্যালয়ের তিন দিকে বাইরে থেকে হামলা চালায়। হামলাকারীরা ১০-১৫টি ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এতে কার্যালয় ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ককটেলের স্প্লিন্টার ও কাচের আঘাতে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক মো. হুমায়ুন, কনস্টেবল মো. তারিক ও নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী গোলাম মোস্তফা সামান্য আহত হন। হুমায়ুন ও তারিক মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাতক্ষীরা: অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে উপজেলারগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল রোববার সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় একটি বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। গত শনিবার রাত আটটা থেকে ১০টা পর্যন্ত অবরোধকারীরা কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ও নলতায় একটি বাড়ি ও সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে চারটি দোকানে আগুন দিয়েছে। তারা কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের হিজলা মোড়ে একটি কালভার্ট ভাঙচুর করেছে। গতকাল সাতক্ষীরা-কালীগঞ্জ, শ্যামনগর-কালীগঞ্জ, আশাশুনি-কালীগঞ্জ, মুন্সিগঞ্জ-ঈশ্বরীপুর, ভেটখালী-ঈশ্বরীপুর, সখিপুর-দেবহাটা, সাতক্ষীরা-যশোর, কদমতলা-বাঁশদাহ, সাতক্ষীরা-চুপনগর, পাটকেলঘাটা-তালা সড়কের শতাধিক স্থানে গাছ, বিদ্যুতের খুঁটি ফেলে, মাটি ফেলে, ইট দিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এ ছাড়া কালীগঞ্জ-আশাশুনি সড়কের ধান্যহাটি ও সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় সড়ক কেটে রাখা হয়েছে।
বরিশাল: গতকাল সকাল পৌনে ছয়টার দিকে বগুড়া রোড ও বটতলার সংযোগ সড়কে ছাত্রদলের কর্মীরা টায়ারে আগুন ধরিয়ে দেন। সকাল সোয়া সাতটার দিকে বরিশাল-লাকুটিয়া সড়কের বাঘিয়ায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এ সময় সেখানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সকাল সাড়ে সাতটায় বরিশাল-নবগ্রাম সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া সদর রোড, ব্রজমোহন কলেজসহ কয়েকটি স্থানে বিএনপি-জামায়াতের কর্মীরা ইজিবাইক ভাঙচুর করেন। গত শনিবার ও গতকাল রোববার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল।
শনিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে রূপাতলী এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকেরা।
মংলা (বাগেরহাট): বাগেরহাটের মংলায় গত শনিবার গভীর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পৌর এলাকার বিআইডব্লিউটিসি কার্যালয়ের পাশে আওয়ামী লীগের থানা কার্যালয়ের জানালা দিয়ে শনিবার রাত দুইটার দিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই কার্যালয়ের তালা ভেঙে আগুন নিভিয়ে ফেলে। এতে কয়েকটি ছবি ও একটি চেয়ার পুড়ে গেছে।
রাজবাড়ী: কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলওয়ের সেতুর পাশে রেললাইনের চারটি নাট শনিবার রাতে খুলে ফেলে দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি কালুখালী রেলস্টেশনে জানালে খুলনা থেকে গোয়ালন্দঘাটগামী নকশীকাঁথা মেইল ট্রেনটি সকাল নয়টা থেকে প্রায় দুই ঘণ্টা পাংশা রেলস্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। রেললাইন মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়। এ ছাড়া শনিবার রাতে শহরের রেলগেট ও প্রধান সড়কে অংকুর স্কুল অ্যান্ড কলেজের পাশে রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে।