অবরোধে রাজধানীতে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ শনিবার রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল হয়েছে। আজ ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ আগামী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এটি ১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি।

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় সকাল নয়টার দিকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে পুরান ঢাকার রায়সাবাজার মোড়ে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, সকাল ১০টার দিকে ধোলাইখাল এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরিত হয়।

রাজধানীতে প্রচুর রিকশা, অটোরিকশা ও বেশ কিছু গণপরিবহন ও গাড়ি চলাচল করছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনের অদূরে রেললাইনের প্রায় ১০০ ফুট ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা।

জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যানবাহন, সংবাদপত্র ও ফায়ার সার্ভিসের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এর আগে চার দফা অবরোধ করেছে জোটটি। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। 

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কিশোরগঞ্জ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কেরানীগঞ্জ প্রতিনিধি)