অবরোধে রেলে নাশকতা, ককটেল, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। ছবি: রিয়াদুল করিম
রাজধানীর কারওয়ান বাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। ছবি: রিয়াদুল করিম

১৮-দলীয় জোটের অবরোধের তৃতীয় দিন আজ সোমবার রাজধানীসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, রেলে নাশকতা, বাসে আগুন ও পুলিশের সঙ্গে অবরোধ-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পিকেটারসহ আহত হয়েছে অনেকে।
কারওয়ান বাজার: সকাল সাতটার দিকে কারওয়ান বাজার এলাকায় অবরোধের সমর্থনে ৮-১০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এ সময় সিএ ভবনের সামনে পুলিশের একটি গাড়ি ছিল। গাড়িটি লক্ষ্য করে মিছিল থেকে পর পর তিনটি ককটেল ছোড়া হয়। এরপর মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি। তবে পুলিশ কাউকে আটকও করতে পারেনি।
পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, দেশের বিভিন্ন স্থানে ও ঢাকায় গত কয়েক দিন পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনা ঘটছে। এটা হতে পারে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার একটি ষড়যন্ত্র। আজ কারওয়ান বাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়াও এমন ঘটনা হতে পারে।

ভাটারা: সকাল পৌনে নয়টার দিকে ভাটারা থানার কাছে কোকা-কোলার গলিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে চার-পাঁচটি ককটেল ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে শটগানের গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা যায়নি।

গাবতলী ও কল্যাণপুর: গাবতলীর টেকনিক্যাল ও ট্রাক স্ট্যান্ড এলাকা এবং কল্যাণপুরের খালেক পেট্রলপাম্পের সামনে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সকাল সোয়া আটটার দিকে টেকনিক্যাল মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। পৌনে নয়টার দিকে খালেক পেট্রলপাম্পের সামনে তিনটি ও ১০টার দিকে গাবতলীর ট্রাকস্ট্যান্ডের সামনে একটি ককটেলের বিস্ফোরণ হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আনোয়ার হোসেন।

বাসে আগুন: সকালে রাজধানীর পলাশীর ঢাকেশ্বরী মন্দিরের কাছে ও রূপগঞ্জের তারাবো এলাকায় আলাদাভাবে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ-সমর্থকেরা। তবে এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলো ডটকমকে জানান, দুটি ঘটনার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

নেতা-কর্মীদের গ্রেপ্তার ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।

সীতাকুণ্ড: সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবরোধকারীরা একটি লরি লক্ষ্য করে ঢিল ছুড়লে চালক মো. মামুন (২৫) ও সহকারী মো. মানিক (২৮) আহত হন। মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে গতকাল দিবাগত রাত তিনটার দিকে পৌর সদরের বটতলা এলাকায় ট্রাকে আগুন দিলে চালক দগ্ধ হন। গতকাল রাত ১০টার পর সুলতানা মন্দির, পরীর রাস্তার মাথা, মাদাম বিবিরহাট, বন্দর সংযোগ সড়ক, নার্সিং কলেজ ও পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় ছয়টি গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা। এর পর পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ শুরু হয়। ভোররাত পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে জাহাঙ্গীর আলমসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশের ছোড়া রাবার বুলেটে পাঁচ পিকেটার আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় এ পর্যন্ত দগ্ধ ও গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে তিন শতাধিক অবরোধকারী ময়মনসিংহ-ভৈবর রেললাইনে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশন অবরোধ করে। একপর্যায়ে তারা স্টেশনসংলগ্ন রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেয়। আগুনে ১৫-২০টি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। পরে অবরোধকারীরা স্টেশনমাস্টার চন্দন কুমার সাহাকে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মানকখালী রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ৪০ ডাউন ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি এবং এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪০ মিনিট ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে।

চাঁদপুর : শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
চাঁদপুরের বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ভোর থেকে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে অবরোধ-সমর্থকেরা। শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ভোর থেকে তারা পিকেটিং করছে। এ কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, বিভিন্ন এলাকা থেকে আটজন ও বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচজনসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুর: গতকাল রাতে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা ও পাথর নিক্ষেপ করেছে অবরোধ-সমর্থকেরা। পাথরের আঘাতে ট্রেনচালক ও জয়দেবপুর জংশনের পয়েন্টস ম্যান আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার জিয়া উদ্দিন সরদার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত সোয়া নয়টার দিকে তুরাগ ট্রেনটি ইঞ্জিন পাল্টানোর সময় জংশনের প্লাটফরমের দক্ষিণ পাশে গেলে অবরোধ-সমর্থকেরা ইঞ্জিনে পেট্রলবোমা ও পাথর ছুড়ে পালিয়ে যায়। আগুনে ট্রেনের হোস পাইপ পুড়ে যায় ও পাথরের আঘাতে পয়েন্টস ম্যান মুজিবুর রহমান (৪৫) এবং চালক আবদুল বাতেন (৪৮) আহত হন। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার জংশন ও রানীনগর স্টেশনের মাঝে ডাঙ্গাপাড়া গ্রামের কাছে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের পাঁচটি ফিশপ্লেট এবং নাটবল্টু খুলে ফেলে। সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের (পথ) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, রাত সাড়ে তিনটার পর থেকে ছয়টা পর্যন্ত ওই পথে কোনো ট্রেন ছিল না। পরে লাইনটি মেরামত শেষে সকাল সাড়ে ছয়টায় ট্রেন চলাচল শুরু হয়।

সিরাজগঞ্জ: গতকাল সন্ধ্যায় সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় একটি অটোরিকশায় এবং রাত সাড়ে আটটার দিকে সদরের বাইপাস সড়কে একটি মোটরসাইকেলে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় অবরোধকারীরা মোটরসাইকেল আরোহীদের মারধর করলে তাঁরা আহত হন।