পোলট্রি মুরগির দাম গত চার মাসে আশঙ্কাজনক হারে কমে গেছে। এখন খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে। এতে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা লোকসান দিচ্ছেন খামারিরা।
হরতাল আর অবরোধের কারণে সামাজিক অনুষ্ঠানাদি কমে যাওয়াকে খামারিরা এ জন্য দায়ী করেছেন। খামারিদের পাশাপাশি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়েছে। ৪০ টাকার বাচ্চা এখন বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। এতে উৎপাদন-খরচই উঠছে না বলে ব্যবসায়ীদের দাবি। চাহিদার তুলনায় ৩০ শতাংশ বেশি বাচ্চা উৎপাদিত হচ্ছে বলে প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।
চট্টগ্রামে দেড় হাজার নিবন্ধিত পোলট্রি খামারের পাশাপাশি নিবন্ধনবিহীন আরও অন্তত দুই হাজার খামার রয়েছে। বর্তমান পরিস্থিতিতে অর্ধেক খামার বন্ধ রয়েছে বলে তাঁরা জানান।
বৃহত্তর চট্টগ্রাম পোলট্রি ও খামারি সমিতির সাধারণ সম্পাদক রিটন চৌধুরী বলেন, ‘হরতাল-অবরোধের কারণে চার মাস ধরে আমাদের ব্যবসা কমে গেছে। কিন্তু আমাদের উৎপাদন থেমে নেই। কারণ, বাচ্চা উৎপাদিত হচ্ছে বেশি পরিমাণে। একদিকে হরতালের কারণে মানুষের বিয়ে-মেজবান ইত্যাদি অনুষ্ঠান নেই, অন্যদিকে অত্যধিক উৎপাদনের মুখে দাম কমে গেছে।’ বর্তমানে প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ পড়ছে ১৩০ টাকা। এর মধ্যে বাচ্চার দাম ১৬ টাকা, সোয়া দুই কেজি খাদ্য ১০০ টাকা, ভ্যাকসিন, পানি, বিদ্যুৎ ইত্যাদি মিলে আরও ১৫ টাকা রয়েছে। কিন্তু বর্তমানে প্রতি কেজি মুরগি পাইকারিতে ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তা ১১০ টাকা।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও নাহার পোলট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান বলেন, ‘যেভাবে অবরোধ-হরতাল হচ্ছে, আমরা মনে হয় আর বাঁচব না। কোনো গাড়ি যেতে পারছে না। দিনের পর দিন ক্ষতির মুখে। উৎপাদিত বাচ্চা আমরা সরবরাহ করতে পারছি না। অনেক খামার বন্ধ হয়ে গেছে।’
চট্টগ্রামের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এম এম আগা লিমিটেডের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, উৎপাদন বাড়লেও বাচ্চা কেউ ফেলে দিচ্ছে না। যেকোনো উপায়ে তা মুরগিতে পরিণত করছে। তাই বাচ্চার দাম কমছে, পাশাপাশি মুরগির দামও কমছে।