অবরোধে শিম নিয়ে বিপাকে চাষিরা
টানা হরতাল-অবরোধে শিম নিয়ে চরম বিপাকে পড়েছেন পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার চাষিরা। অবরোধে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় শিম কিনছেন না পাইকারেরা। এদিকে পরিপক্ব হওয়ার পরও কৃষক জমি থেকে শিম তুলতে পারছেন না। শিমের উৎপাদনমাত্রা ঠিক রাখতে অনেকে জমি থেকে শিম তুললেও তা বিক্রি করছেন অর্ধেকের কম দামে। এতে চরম লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বেশ কিছু এলাকা মিলে এবার ছয় হাজার ৪১৩ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। উৎপাদিত শিমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার ১৯৫ মেট্রিক টন। জেলায় প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার ২০০ মেট্রিক টন শিম উৎপাদন হচ্ছে, যা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে।
চাষিরা জানান, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার ১৫-২০টি গ্রামে শিম উৎপাদন হওয়ায় এলাকার নাম হয়েছে ‘শিম সাগর’। শিম চাষ করে এলাকার শত শত মানুষের ভাগ্য বদলেছে। প্রতিদিন পাইকারেরা এখান থেকে শিম কিনে দেশের বিভিন্ন বাজারে নিয়ে যান। সকালে জমি থেকে শিম তোলা, বাছাই, বিক্রি—এ নিয়েই সময় কাটে এলাকার মানুষের। প্রতিবছর এই সময়ে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। কিন্তু এবার রাজনৈতিক অস্থিরতা, হরতাল আর অবরোধে সবকিছু থেমে গেছে। পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় পাইকারেরা শিম কিনছেন না। ফলে চাষিরাও জমি থেকে শিম তুলতে পারছেন না। জমির উৎপাদনমাত্রা ঠিক রাখতে অনেকে শিম তুললেও তা বিক্রি করতে হচ্ছে অনেক কম দামে। দুই হাজার টাকা দরের প্রতি মণ শিম বিক্রি হচ্ছে ৭০০-৯০০ টাকায়। এতে কৃষকের উৎপাদন খরচও উঠছে না।
আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর গ্রামের শিমচাষি ইউসুফ আলী জানান, শীত মৌসুমে শিম বিক্রি করে চাষিরা যা টাকা পান, তা দিয়েই তাঁদের পুরো বছর চলতে হয়। কিন্তু এ বছর হরতাল-অবরোধের কারণে শিমচাষিরা চরম বিপাকে পড়েছেন। বিক্রি না হওয়ায় তাঁরা একদিকে জমি থেকে শিম তুলতে পারছেন না, অন্যদিকে শিম না তুলতে পারায় জমির উৎপাদনমাত্রাও কমে যাচ্ছে।
রামেশ্বরপুর গ্রামের শিমচাষি আবদুল কাদের বলেন, ‘শিম চাষ করে আমাগের ইবার পথে বসার উপক্রম হইছে। হরতাল-অবরোধে ব্যাপারীরা শিম কিনতেছে না। আবার শিম না তুললি বাত্তি হয়ে নষ্ট হয়া যাচ্ছে।’ ব্যবসায়ী আবুল কাশেম জানান, অবরোধে সড়কে ট্রাক ভাঙচুর ও আগুন দেওয়া হয়। রাতে সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। তাই পরিবহনের জন্য ট্রাক না পাওয়ায় পাইকারেরা শিম কিনছেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ বি এম মুস্তাফিজার রহমান বলেন, হরতাল-অবরোধে চাষিদের লোকসান হচ্ছে।