অবরোধে সবজি ও ধান নিয়ে চাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে ঢাকাসহ দেশের বড় শহরের খুচরা বাজারে সবজির ব্যাপক চাহিদা থাকলেও জয়পুরহাটের ক্ষেতলাল, পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় সবজি বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন চাষিরা। এসব কর্মসূচির কারণে পাইকারি সবজি ক্রেতাদের দেখা মিলছে না।
চাহিদা না থাকায় খেত থেকেও সবজি তুলতে পারছেন না তাঁরা। এ কারণে নতুন করে সবজি ও আলু চাষ বাধাগ্রস্ত হচ্ছে। আবার অনেকে খেত থেকে সবজি তুলে বিক্রি করতে না পেরে লোকসান গুনছেন। এদিকে ক্রেতা না থাকায় আমন ধানের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, ক্ষেতলালের হাটশহর, বাখেরা, নশিরপুর, নাজিরপুর, শিবপুর, শ্যামপুর, মির্জাপুর, রঘুনাথপুর, শহলাপাড়া এবং তেলাল কশুম শহর গ্রামে সবচেয়ে বেশি সবজি চাষ হয়।
গতকাল বুধবার সরেজমিনে তেলাল কুশুম শহর গ্রামের তিন মাথা সবজি বাজারে দেখা গেছে, ক্রেতা না থাকায় কৃষকেরা সবজি নিয়ে বসে আছেন। বগুড়ার দুপচাঁচিয়ার সবজি ব্যবসায়ী আবদুল জলিলকে ২৪ মণ বেগুন কিনে বসে থাকতে দেখা যায়।
চাষি জীতেন চন্দ্র দাশ ও সুধীন চন্দ্র দাশকে বেগুন, করলাসহ বিভিন্ন জাতের সবজি নিয়ে বসে থাকতে দেখা যায়। জীতেন চন্দ্র বলেন, অবরোধের আগে এক মণ বেগুন বিক্রি হতো ৮০০-৯০০ টাকায়। অবরোধের কারণে দাম সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় নেমে এসেছে।
চাষিরা জানান, পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় ব্যাপক হারে সবজি চাষ করেছেন কৃষকেরা। এবার উৎপাদনও ভালো হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ৮-১০ ট্রাক শাকসবজি জেলার বাইরে গেলেও টানা অবরোধ আর হরতালের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল সকালে পানির দরে পঞ্চগড় বাজারে শীতকালীন সবজি বিক্রি হয়েছে।
ক্রেতা না থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমন ধানের দাম কমে যাচ্ছে। তিন দিনের ব্যবধানে প্রতি মণ আমন ধানের দাম অন্তত দেড় শ টাকা কমেছে। আমন চাষিরা জানান, দুই সপ্তাহ আগে থেকেই পীরগঞ্জের বাইরে থেকে পাইকারেরা ট্রাক্টর নিয়ে এসে ধান কেনা শুরু করেন। সে সময় ধানের বাজারও ভালো ছিল। প্রতি বস্তা (দুই মণ) ‘সুমন স্বর্ণা’ ও ‘গুটি স্বর্ণা’ ধান ১৪০০-১৪৫০ টাকায় বিক্রি হয়েছে। তিন দিন আগেও বস্তাপ্রতি ধানের দাম ছিল ১১৫০-১২০০ টাকা। কিন্তু গতকাল সকালে পীরগঞ্জ পৌরসভা কলেজহাটে প্রতি বস্তা আমন ধান ৫০০-৬০০ টাকা দরে বিক্রি হয়েছে।