অবরোধে সবজির দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার কারণে টানা অবরোধ-হরতালের কবলে পড়ে রাজশাহীর গোদাগাড়ীতে টমেটোর দাম কমেছে মণে ৬০০ থেকে ৭০০ টাকা। ভরা মৌসুমে টমেটোর দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
এদিকে গতকাল শনিবার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাষিরা সবজি নিয়ে বিপাকে পড়েছেন। ক্রেতা না থাকায় পানির দরে এসব সবজি বিক্রি করতে হচ্ছে।
গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের এ উপজেলায়ই সবচেয়ে বেশি টমেটো চাষ হয়। এবার এই এলাকায় তিন হাজার ৩৩৪ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে।
স্থানীয় লোকজন জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই চাষিরা টমেটো ওঠাতে শুরু করেন। কিন্তু একের পর এক অবরোধ ও হরতালের কারণে টমেটোচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, শুরুতে কাঁচা টমেটো দেড় হাজার টাকা মণ পর্যন্ত বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার সেই টমেটো ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়েছে। অবরোধের কারণে ক্রেতা কমে যাওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে।
গতকাল উপজেলার চাপাল মাঠে টমেটোচাষি আবদুল কুদ্দুস বলেন, হরতাল-অবরোধের কারণে বাইরের ব্যাপারীরা আসতে পারছেন না। এ কারণে বাজার পড়ে গেছে। আর টমেটোতেও পচন ধরেছে। এভাবে চলতে থাকলে তাঁদের পথে বসতে হবে।
মাদারপুর মহল্লার চাষি নাজমুল হক বলেন, ‘চোখের জল মুছতে মুছতে দেড় হাজার টাকা মণের টমেটো সাড়ে ৬০০ টাকা দরে দিয়ে দিলাম। এ ছাড়া আর কোনো উপায় ছিল না।’
ছয়ঘাটি গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার ধারে ১৫ জন ব্যবসায়ী তাঁদের কেনা টমেটো থেকে পচে যাওয়া টমেটো বাছাই করছেন। রাজাবাড়িহাট এলাকার টমেটো ব্যবসায়ী মিজাউল হক তাঁর কেনা টমেটো সেখানেই রেখেছেন। তিনি বলেন, ‘কয়েক দিন থেকে এই ৫০ মণ টমেটো কিনে হাত-পা গুটিয়ে বসে আছি।’
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের চাষি রাহাত হোসেন শুক্রবার প্রতি কেজি ফুলকপি বিক্রি করেন ২৪ টাকা দরে। আবার টানা অবরোধ আসবে এই ভেবে তাড়াতাড়ি ফসল বিক্রির জন্য বিকেল থেকেই তিনি খেতে নামেন। চার হাজার কপি কেটে বিক্রির জন্য প্রস্তুত করে রাখেন। শনিবার ভোরে তিনি কপি নিয়ে কয়েকটি ভ্যানে করে মহাস্থান হাটের উদ্দেশে রওনা হন। গভীর রাতে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি না শুনে বাড়ি থেকে বের হয়ে আমতলী বাজারের কাছে এসে আটকা পড়েন। পরে প্রতি কেজি দুই টাকা দরে বিক্রি করে বাড়ি ফিরতে হয় তাঁকে।
রাহাত হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘এভাবে রাতের আন্দারে অবরোধ দিয়া হামাকেরে পেটোত লাথিথ মারা ঠিক হয়নি।’ শুধু রাহাত হোসেন নন, উপজেলার অনেক সবজিচাষি হঠাৎ অবরোধের ডাকে চরম দুর্ভোগে পড়েন। সবজির দামে হঠাৎ দরপতন ঘটে। গতকাল চাষিদের বেগুন তিন টাকা, করলা চার টাকা ও মুলা এক টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া বাজারে তিনটি ফুলকপি ১০ টাকা, দুটি বাঁধাকপি ১০ টাকায় বিক্রি হয়েছে।
শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লার কাউন্সিলর আবদুল মতিন বলেন, মহল্লার অনেকেই কয়েক হাজার কপি খেত থেকে কেটে রেখেছেন। সকালে পাইকারের ট্রাক আসার কথা। কিন্তু হঠাৎ অবরোধের কারণে কপিগুলো এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।