অবরোধে সহিংসতা, শিক্ষক দগ্ধ
দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে নীলফামারীতে বাস, ট্রাক ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে পিকেটাররা। এতে এক স্কুলশিক্ষক অগ্নিদগ্ধ হয়েছেন। ভোরে স্বেচ্ছাসেবক দলের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এদিকে পঞ্চগড়ে পিকেটিংয়ের সময় ছাত্রদলের এক নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রামে পিকেটিংয়ের সময় বিক্ষুব্ধ এলাকাবাসী জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। চিলমারীতে যুবদলের কার্যালয়ে ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। লালমনিরহাটে গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন সড়কে অবরোধের খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ে সোমবার রাতে একাধিক যানবাহন ভাঙচুর এবং পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: শহরের বাজার সড়ক, কালীবাড়ি মোড়, আনন্দবাবুর পুল, কলেজ সড়কে পিকেটাররা একটি বাস, তিনটি ট্রাক, ছয়টি মোটরসাইকেল ও ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। এ সময় মাজেদুল হক নামের এক স্কুলশিক্ষকের শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। তাঁকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, জেলা শহরের বিভিন্ন বেসরকারি ছাত্রাবাসে থেকে জামায়াত-শিবিরের ক্যাডাররা এসব নাশকতা চালাচ্ছে। এদিকে পুলিশ শহরের নতুন কলোনি এলাকা থেকে গতকাল ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক দুর্জয় ইসলাম (২৪) ও পৌর যুবদলের সদস্য রেজাউল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে।
অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরে বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন বলে জানা গেছে।
পঞ্চগড়: পঞ্চগড়ে পিকেটিংয়ের সময় ছাত্রদলের এক নেতাকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১৮ দলের নেতা-কর্মীদের শহরের বিভিন্ন সড়কে পিকেটিং ও অগ্নিসংযোগ করতে দেখা গেছে। পুলিশ জানায়, পঞ্চগড় বাজার এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে পিকেটিংয়ের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদরের ইউএনও মাকসুদা বেগম সিদ্দিকা তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। অবরোধের কারণে সড়কে ভারী যানবাহন চলাচল করেনি। তবে মোটরসাইকেল ও রিকশাভ্যান চলাচল করেছে।
কুড়িগ্রাম: জামায়াত-শিবিরের কর্মীরা ভূরুঙ্গামারী সড়কের পাটেশ্বরীতে এক সাইকেল আরোহীকে মারধর করলে স্থানীয় লোকজন তাঁদের প্রতিহত করেন। এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে অবরোধকারীদের ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। এদিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের যতীনেরহাট এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা একটি মোটরসাইকেল, একটি রিকশা ও চারটি সাইকেল ভাঙচুর করেন। অপরদিকে গতকাল সকালে অবরোধের সমর্থনে ১৮ দলের কর্মীরা চিলমারী-কুড়িগ্রাম সড়কের বালাবাড়ি থেকে চুনিয়ারপাড় সেতু পর্যন্ত কলাগাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া দেন। পরে বালাবাড়ি বাজারে যুবদলের কার্যালয় ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা।
লালমনিরহাট: জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে রেলক্রসিং পয়েন্টে লালমনিরহাট-বড়বাড়ী আঞ্চলিক সড়কে অবরোধকারীরা পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব। তিনি বলেন, আজাওজা সরকারকে সর্বদলীয় সরকার দাবি করে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে ১৮ দল তাদের এ স্বপ্ন প্রতিহত করবে।
ঠাকুরগাঁও: সোমবার রাতে একাধিক যানবাহন ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা একটি পণ্যবাহী ট্রাক এবং সড়কে গাছের গুঁড়ি ও পরিবহন কাউন্টারের আসবাব এনে অগ্নিসংযোগ করেন। সোমবার তফসিল ঘোষণার পর রাত আটটার দিকে বিএনপির নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিল শেষে তাঁরা শহরের বঙ্গবন্ধু সড়কের ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তাঁরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে সড়ক বিভাজনের কাজে ব্যবহূত বাঁশের বেড়া, কয়েকটি পরিবহন কাউন্টারের আসবাব ও গাছের গুঁড়ি তুলে সড়কের ওপর আগুন ধরিয়ে দেন।
এ সময় সড়ক বিভাজনে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ফেলা হয়। আতঙ্ক ছড়াতে আশপাশের বিভিন্ন স্থাপনায় ইটপাটকেল নিক্ষেপ ও দফায় দফায় চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। রাত ১০টার দিকে শহরে বিজিবি মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।