অবরোধে সড়কের পাশের কাটা গাছের হদিস নেই
হরতাল-অবরোধের সময় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বিভিন্ন সড়কের পাশ থেকে কেটে ফেলা দুই শতাধিক গাছের হদিস পাওয়া যাচ্ছে না। গাছগুলো উদ্ধারে সংশ্লিষ্ট বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়া এবং নির্বাচন নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে পিকেটাররা পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল, খোঁচাবাড়িহাট, জগন্নাথপুর, আউলিয়াপুর, ভূল্লী, গড়েয়া, রুহিয়া, ফাঁড়াবাড়িসহ বিভিন্ন সড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার হরতাল-অবরোধ কর্মসূচি শেষেই সড়কের ওপর ফেলে রাখা গাছগুলো গায়েব হয়ে যেত। এভাবে সড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা পরিষদের দুই শতাধিক গাছ লোপাট হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, যেসব বিভাগের গাছ কেটে ফেলা হয়েছে, সেসব বিভাগের লোকজন গাছ উদ্ধারে কোনো চেষ্টা করেননি। ফলে হরতাল-অবরোধের পর দুর্বৃত্তরা কাটা গাছগুলো গায়েব করে ফেলেছে।
সদর উপজেলার প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মাবুদ হোসেন জানান, এক মাসে এলজিইডির সড়কের পাশের প্রায় ৬০-৭০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
কচুবাড়ির বাসিন্দা আবদুল হক অভিযোগ করেন, অবরোধ ও ভোটের সময় সড়কের কেটে ফেলা গাছগুলো স্থানীয় লোকজন করাতকলে বিক্রি করে দিয়েছেন। শুখানপুখুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুল হক প্রধান বলেন, নির্বাচনের সময় ইউনিয়নের বিভিন্ন সড়কের ১০-১২টি গাছ কেটে সড়ক অবরোধ করে নির্বাচনবিরোধীরা। ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপে সেগুলো উদ্ধার এবং ঠাকুরগাঁও থানায় একটি মামলা করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান বলেন, হরতাল-অবরোধে জেলা পরিষদের কী পরিমাণ গাছ কেটে ফেলা হয়েছে তা নির্ণয়ের কাজ চলছে। সেগুলোর অধিকাংশেরই হদিস পাওয়া যাচ্ছে না।
ঠাকুরগাঁও থানার ওসি আবদুল মান্নান বলেন, হরতাল-অবরোধে সড়কের গাছ কেটে ফেলার পর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গাছগুলো সড়কের পাশে সরিয়ে রাখা হয়। পরে আর সেগুলোর খোঁজ মেলেনি।