অবরোধে হত্যার দায় নেবে না আ.লীগ: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসের মৃত্যুর দায়দায়িত্ব আওয়ামী লীগের নয়। কোনো হত্যার দায়ভার আওয়ামী লীগ নেবে না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল রোববার দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন। হানিফ বলেন, ‘পুরো বিষয়টি বুঝতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জেতায় আমরা আনন্দ মিছিলের কর্মসূচি দিয়েছিলাম। অনেক জায়গায় বিরোধী দল আনন্দ মিছিলে হামলা করেছে। আনন্দ মিছিলে বোমাবাজি হয়েছে। এরপর সংঘর্ষ হয়েছে। এর দায় আওয়ামী লীগের ওপর আসতে পারে না।’ তিনি বলেন, ‘অবরোধের নামে জ্বালাও-পোড়াওয়ের দায় কার? মির্জা ফখরুল এর আগে হুমকি দিয়েছিলেন অবরোধে গাড়ি বের না করতে। তাঁর কর্মীবাহিনী তা বাস্তবায়ন করেছে।’আওয়ামী লীগের এই নেতা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং বিএনপি ও জামায়াত-শিবির যেন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি সৃষ্টি করতে না পারে, সে জন্য আগামী ২২ ডিসেম্বর সারা দেশে সমাবেশ ও গণমিছিল করবে ১৪ দল। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।