অবরোধে ১৫টি যান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধে গতকাল শনিবার দিনাজপুরে তিনটি অ্যাম্বুলেন্সসহ ১৪টি যানবাহন ভাঙচুর করেছেন অবরোধকারীরা। চাঁপাইনবাবগঞ্জে একটি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। পরে শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করে র‌্যাব। এ ছাড়া সিরাজগঞ্জে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন অবরোধকারীরা। এ সময় একজনকে আটক করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
দিনাজপুর: সকালে শহরের বিভিন্ন স্থানে তিনটি অ্যাম্বুলেন্স, সাতটি ইজিবাইক, ১০টি রিকশা, দুটি ট্রাক ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন অবরোধকারীরা। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া ১৮ দলের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছেন। এদিকে গত শুক্রবার রাতে ও গতকাল ভোরে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বাটারফ্লাই শোরুমের সামনে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ: সকাল সোয়া ১০টার দিকে শহরের টোলঘর এলাকায় সড়কে ইট ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় র‌্যাব অভিযান চালিয়ে শিবিরের শহর শাখার দপ্তর সম্পাদক তোহরুল ইসলামসহ তিনজনকে আটক করে। এ ছাড়া শহরের পিটিআই মোড়, উপররাজারামপুরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান অবরোধকারীরা। তাঁরা নিমতলায় একটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।
সিরাজগঞ্জ: ভোর ছয়টার দিকে শহরের সমাজকল্যাণ মোড়ে শিবিরের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পৌনে সাতটার দিকে অবরোধের সমর্থনে ১৮ দলের নেতা-কর্মীরা সদর উপজেলার তেলকুপিতে গাছের গুঁড়ি ফেলে পিকেটিংয়ের চেষ্টা করেন। এ সময় টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ছাড়া ভোর থেকেই সদর উপজেলার বহুলি বাজার, খোকশাবাড়ি ও এলজিইডি মোড়, শিয়ালকোল ও চণ্ডীদাসগাতি বাজারে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেন বিএনপির কর্মীরা। দুপুর ১২টার দিকে পিপুলবাড়িয়া বাজারে পিকেটিংয়ের চেষ্টা করলে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা একটি পেট্রলবোমাসহ জামায়াতের এক কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।