অবরোধেই কোকোর জানাজা ও দাফন

বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা ও দাফনের সময়ে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। আজ রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকের পরে এ সিদ্ধান্তের কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান; ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান; চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন প্রমুখ।
আরাফাত রহমানের জানাজা ও দাফনের সময় কি অবরোধ কর্মসূচি চলবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘জানাজার দিন জানাজা হবে, কর্মসূচির দিন কর্মসূচি। আমাদের কর্মসূচি চলবে। তবে জানাজা, দাফন ও কুলখানির ব্যাপারে বিস্তারিত আজ রাতেই জানিয়ে দেওয়া হবে।’
বিএনপির চেয়ারপারসন বৈঠকে ছিলেন কি না, এর জবাবে মওদুদ আহমদ বলেন, ‘তিনি এখনো “অনেকটা অচেতন” আছেন। তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তবে তিনি আমাদের বার্তা পাঠিয়েছেন।’
মওদুদ আহমদ বলেন, ‘বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সামাজিক-রাজনৈতিক অঙ্গনের মানুষেরা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে ছুটে এসেছেন। তাঁরা শোকবইতে স্বাক্ষর করেছেন, লিখিত শোকবার্তা নিয়ে এসেছেন। তাঁদের এই প্রেরণা আগামী দিনে আমাদের শক্তি জোগাবে। আশা করি, বিএনপি চেয়ারপারসনের মনোবল আগের মতো থাকবে।’
আজ যাঁরা খালেদা জিয়াকে সমবেদনা ও সহমর্মিতা জানাতে এসেছেন তাঁদের বিএনপি চেয়ারপারসন ধন্যবাদ জানিয়েছেন বলে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন।